মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে: ওবায়দুল কাদের
উত্তরদক্ষিণ । শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:২২
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির আস্ফালন উবে গেছে। এটা দেশবাসীর কাছে আজ পরিষ্কার। দেশে সভা-সমাবেশ করলেও সাধারণ মানুষ বিএনপির রাজনৈতিক আন্দোলন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।’
শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে ‘বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচার’র প্রতিবাদে সাভারে রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকায় গণসমাবেশ নিয়ে তাদের আস্ফালন উবে গেছে, এটা দেশবাসীর কাছে আজ পরিষ্কার। খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করায় দণ্ডপ্রাপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় আজ তিনি বাসায় আছেন, নিরাপদে আছেন। বিএনপি কি আন্দোলন করে তাকে মুক্ত করেছে’, প্রশ্ন রাখেন কাদের।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘১৫ আগস্টের হত্যার মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। তিনি খুনিদের পুরস্কৃত করেছেন। বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের পুনর্বাসিত করেছেন। জেল হত্যাকাণ্ড ঘটিয়েছেন।’
জনসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ব্যঙ্গ করে বলেন, ‘১০ ডিসেম্বর সরকারকে ধাক্কা দিতে গিয়ে, বিএনপি নিজেরাই পিছু হটে গোলাপবাগের মাঠে ঘোড়ার ডিম পেড়েছে।’
তাদের দাবি, ‘বিদেশি প্রভুরা’ বিএনপিকে যেমন ক্ষমতায় আনতে পারবে না; তেমনি তত্ত্বাবধায়ক সরকারও আর ফিরে আসবে না। নির্বাচনে না এলে, দলটির অস্তিত্ব নষ্ট হবে বলেও দাবি করেন আওয়ামী লীগ নেতারা।
ইউডি/এ

