মির্জা ফখরুল-আব্বাসের জামিন শুনানি সোমবার
আসামিপক্ষের আইনজীবী জয়নুল আবেদীন মেজবা আদালতে স্পেশাল জামিন আবেদন করেন। এরপর শুনানি শেষে আদালত সোমবার সংশ্লিষ্ট আদালতে জামিন শুনানির জন্য দিন ধার্য করেন।
উত্তরদক্ষিণ । রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:২২
রাজধানীর পল্টন থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি নেতা মির্জা আব্বাসসহ সাত জনের জামিনের জন্য সোমবার (১২ ডিসেম্বর) দিন ধার্য করেছেন আদালত।
রোববার (১১ ডিসেম্বর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত এ দিন ধার্য করেন।
এর আগে আসামিপক্ষের আইনজীবী জয়নুল আবেদীন মেজবা আদালতে স্পেশাল জামিন আবেদন করেন। এরপর শুনানি শেষে আদালত সোমবার সংশ্লিষ্ট আদালতে জামিন শুনানির জন্য দিন ধার্য করেন।
এর আগে গত ৯ ডিসেম্বর তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মো. তরীকুল ইসলাম।
আরো পড়ুন>>> মির্জা ফখরুল-আব্বাসের জামিন আবেদন
এসময় আসামিপক্ষে জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালানো হলে সেখানে অনেক ককটেল পাওয়ার কথা জানায় পুলিশ।
আরো পড়ুন>>> পদত্যাগপত্র জমা দিতে সংসদ ভবনে বিএনপির এমপিরা
এ ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়।
ইউডি/এ

