নিউমার্কেটে সংঘর্ষ: তদন্ত প্রতিবেদন ১৫ জানুয়ারি
নির্ধারিত তারিখে পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এ জন্য আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।
উত্তরদক্ষিণ । রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:১৮
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় করা পৃথক তিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ১৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। রোববার (১১ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালত এ দিন ধার্য করেন।
তিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এদিন ধার্য ছিল। কিন্তু নির্ধারিত তারিখে পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এ জন্য আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।
মামলাগুলো হলো কুরিয়ারকর্মী নাহিদ হত্যা মামলা, পুলিশের ওপর হামলা মামলা এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলা।
তাদের মধ্যে নিহত নাহিদের বাবা নাদিম হোসেন বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি হত্যা করেন। মামলায় তিনি অজ্ঞাত আসামি উল্লেখ করেন।
এ ছাড়া পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে ও পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক দুটি মামলা করে। দুই মামলাতে নিউমার্কেটের ব্যবসায়ী, কর্মচারী, ঢাকা কলেজের শিক্ষার্থীসহ মোট ১২০০ জনকে আসামি করা হয়।
এ মামলায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে ২৪ জন এজাহারনামীয়সহ ব্যবসায়ী-কর্মচারী অজ্ঞাতনামা তিনশজন।
এ ছাড়া একই মামলা অজ্ঞাত হিসেবে ঢাকা কলেজের ৭০০ জনকে আসামি করা হয়েছে। বিস্ফোরক দ্রব্য আইনে করা আরেকটি মামলায় অজ্ঞাত দেড়শ থেকে দুইশজনকে আসামি করা হয়।
গত ১৭ এপ্রিল ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরদিন সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় সংঘর্ষ শুরু হয়।
ইউডি/এ

