ডিসেম্বরের শেষ সপ্তাহে মেট্রোরেলের উদ্বোধন
উত্তরদক্ষিণ । সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:৪৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি মাসের শেষ সপ্তাহে মেট্রোরেলের উদ্বোধন করবেন।
ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২-এর উদ্বোধনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি নিজেই এ ঘোষণা দেন। এ বছর ডিজিটাল বাংলাদেশ দিবসের প্রতিপাদ্য ‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’।
এর আগে একই কথা জানিয়েছেন মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকী। প্রথম ধাপে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের যাত্রী সেবা কার্যক্রম উদ্বোধন করা হবে।
সোমবার (১২ ডিসেম্বর) রাজধানীর উত্তরায় মেট্রোরেলের সার্বিক কাজের অগ্রগতি দেখতে গিয়ে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘যাত্রীদের কাছে মেট্রোরেল জনপ্রিয় হওয়ার পর পুরোদমে কার্যক্রম শুরু হবে। এজন্য উদ্বোধনের প্রথম তিন মাস রেলে কম যাত্রী পরিবহন করা হবে। যাত্রীদের ওঠা-নামায় বেশি সময় দেওয়া হবে। শুরুর দিকে ২০ মিনিট পর পর রেলে ট্রেন ছাড়া হবে।’
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার মেট্রোরেলের নির্মাণকাজ চলমান। এ বছর ১৬ ডিসেম্বর থেকে মেট্রোরেল চালুর কথা জানালেও শুরুতে শুধু উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ২০২৪ সালের জুনে মেট্রোরেল প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও তা ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ান হয়েছে।
প্রথম দিকে মেট্রোরেল প্রকল্পের ব্যয় ছিল প্রায় ২২ হাজার কোটি টাকা। মেট্রোরেলের পথ সম্প্রসারণ, স্টেশন প্লাজা নির্মাণ, কিছু স্টেশনে নতুন করে জমি অধিগ্রহণ, পরামর্শকের পেছনে ব্যয় বৃদ্ধি, পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়তি ভ্যাটসহ বিভিন্ন উপকরণ যুক্ত হয়েছে। এজন্য প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা ব্যয় বেড়েছে।
বর্তমানে ব্যয় দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এ প্রকল্পে অর্থায়ন করছে জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকা। তারা ১৯ হাজার ৭১৮ কোটি টাকা দিচ্ছে। সরকার খরচ করছে ১৩ হাজার ৭৫৩ কোটি টাকা।
ইউডি/এ

