সংসদ ভবনের সামনে সাংবাদিক হেনস্তা, ডিআরইউ’র প্রতিবাদ
উত্তরদক্ষিণ । সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:২৫
জাতীয় সংসদ ভবনের বাইরে দক্ষিণ প্লাজার পাশের রাস্তায় পেশাগত দায়িত্ব পালনের সময় রোববার এক পুলিশ সদস্যের হেনস্তার শিকার হয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য এবং নাগরিক টিভির সিনিয়র রিপোর্টার সাইদ আরমান।
লাইভ চলাকালে তার কাছ থেকে মাইক্রোফোন (বুম) কেড়ে নেন ওই পুলিশ সদস্য।
এ ঘটনায় এক বিবৃতিতে ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি মুরসালিন নোমানী এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সাইদ আরমান জানান, সংসদ ভবনের বাইরে দক্ষিণ প্লাজার পাশের রাস্তায় দুপুর ২টার সংবাদে লাইভ দেওয়ার সময় একজন পুলিশ সদস্য অনাকাঙ্ক্ষিতভাবে তার মাইক্রোফোন কেড়ে নেন। এরপর সেখান থেকে তাকে জোর করে সরিয়ে দেন।
তিনি মনে করেন, ‘এটি স্বাধীন সাংবাদিকতার অন্তরায়।’
এদিকে ডিআরইউর নেতারা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, এ ঘটনা ন্যক্কারজনক। এটি স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার অন্তরায়। ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান ডিআরইউ নেতারা।
একই সঙ্গে ডিআরইউ নেতারা পুলিশ প্রশাসনকে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
ইউডি/এ

