মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির প্রতিবাদ সমাবেশ
উত্তরদক্ষিণ । সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:০৩
দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ এনে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। একই সঙ্গে সারা দেশে গণমিছিল করার ঘোষণা দিয়েছে দলটি।
সোমবার (১২ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ ঘোষণা দেন।
গত ৭ ডিসেম্বরের ঘটনার পর সোমবারই (১২ ডিসেম্বর) প্রথম নয়াপল্টন কার্যালয়ে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এসময় তারা কার্যালয়ের প্রতিটি কক্ষ পরিদর্শন করেন।
পরে সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, ‘১০ তারিখের সমাবেশের লক্ষ্য ছিল মানুষের সামনে বর্তমান সরকারের চরিত্র তুলে ধরা। বিরোধীদল সরকারের একটি অঙ্গ, তাদের নিশ্চিহ্ন করে দিলে রাষ্ট্রব্যবস্থা থাকতে পারে না এবং নেইও।’

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সরকারের নির্দেশে তাদের দলের (আওয়ামী লীগের) কর্মীরা ১০ তারিখ ঘিরে এমন কোনো অপকর্ম নেই, যা করেনি। সরকার আতঙ্ক তৈরি করলেও বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করে দেখিয়েছে। আমরা গণতান্ত্রিক আন্দোলন গণতান্ত্রিকভাবে করব এবং এই সরকারের বিদায় জানাব’, দাবি করেন তিনি।
ইউডি/এ

