ফিলিস্তিনি তরুণীকে গুলি করে হত্যা
উত্তরদক্ষিণ । সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৭:২৬
অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে একটি সামরিক অভিযানের সময় ১৬ বছর বয়সী ফিলিস্তিনি তরুণীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়, নিহত তরুণীকে জানা মাজদি জাকারনেহ হিসেবে শনাক্ত করেছে।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, জাকারনেহ তার বাড়ির ছাদে দাঁড়িয়ে ছিলেন যখন তাকে গুলি করে হত্যা করা হয়। তার মাথায় গুলি করা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। এক প্রদিবেদনে এমনটি জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।
ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি বিশেষ বাহিনী রোববার রাত ১০ টায় জেনিন এবং এর শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। এসময় ফিলিস্তিনি যুবকদের সঙ্গে সংঘর্ষ শুরু হলে নির্বিচারে গুলি ছোড়ে ইসরায়েলি সেনাবাহিনী।
কর্মকর্তারা আরও জানিয়েছেন, অভিযানের সময় ইসরায়েলি গুলিতে আরও অন্তত দুই ফিলিস্তিনি আহত হয়েছেন।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী একটি বিবৃতিতে বলেছে, তারা একজন ফিলিস্তিনি নারীর নিহতের অভিযোগ সম্পর্কে অবগত এবং বিষয়টি খতিয়ে দেখছে।
জেনিনের স্থানীয় কর্মকর্তা আত্তা আবু রমেলেহ জাকারনেহের শোকে সোমবার জেনিনে সাধারণ ধর্মঘটের ঘোষণা দিয়েছেন। পরে তার জানাজা অনুষ্ঠিত হবে।
ইউডি/এ

