বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে বিএনপি নেতা আমান বললেন, ‘আরেকটি অভ্যুত্থান প্রয়োজন’
উত্তরদক্ষিণ । বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:১৮
১৯৭১ সালের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আমিনুল হক, কাজী রওনকুল ইসলাম টিপুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান সাংবাদিকদের বলেন, ‘৩০ লাখ শহীদের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি। সেটির আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র। মানুষ স্বাধীনতা পাবে। কথা বলার অধিকার থাকবে। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পর আমাদের গণতন্ত্র অবরুদ্ধ, মানবাধিকার ভূলুণ্ঠিত।’
তিনি বলেন, ‘দেশে আজ মানবাধিকার নেই। কেবল চলছে নিপীড়ন নির্যাতন, জুলুম, হত্যা, গুম, খুন আর নির্বিচারে গুলি। এই পরিস্থিতিতে দেশের মানুষ আজ তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য রাস্তায় নেমে এসেছে।’

আমান বলেন, ‘দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। এক দলীয় শাসনের চাপে বাংলাদেশের জনগণ অবরুদ্ধ অবস্থায় আছে। এখান থেকে মুক্তির জন্য স্বাধীনতা সংগ্রামের মতো আরেকটি যুদ্ধ, আরেকটি অভ্যুত্থান প্রয়োজন।’
তিনি বলেন, ‘সেই সংগ্রাম আর অভ্যুত্থানের জন্য মানুষ আজ রাজপথে নেমে এসেছে।’ স্বাধীনতার ৫০ বছর পর মানুষ তার ভোটাধিকার আর গণতন্ত্র ফিরে পাবে সেই প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ইউডি/এ

