প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ
উত্তরদক্ষিণ । বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:০৪
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) ফল প্রকাশ করা হয়।
লিখিত ও মৌখিক পরীক্ষার ফলের ভিত্তিতে সর্বমোট ৩৭ হাজার ৫৭৪ (সাঁইত্রিশ হাজার পাঁচশত চুয়াত্তর) জনকে সহকারী শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
নির্বাচিত প্রার্থীদের আগামী ৩১ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে সব সনদের মূলকপি ও জাতীয় পরিচয়পত্রের তিন কপি, পুলিশ ভেরিফিকেশন ফরম (যথাযথভাবে পূরণকৃত), সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদসহ সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সশরীরে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।
এর আগে ২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কার্যক্রমের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি।
২০২০ সালের ২৫ অক্টোবর অনলাইনে আবেদন শুরু হয়। আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ প্রার্থী। এরপর তিন ধাপে নেওয়া লিখিত পরীক্ষার প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪০ হাজার ৮৬২, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৫৯৫ এবং তৃতীয় ধাপে ৫৭ হাজার ৩৬৮ জন।
নিয়োগ লিখিত ও মৌখিক পরীক্ষা তিন ধাপে নেওয়া হলেও চূড়ান্ত ফল একবারেই প্রকাশ করা হলো।
ইউডি/এ

