বিশ্বকাপের পরই অবসরে যাচ্ছেন মেসি

বিশ্বকাপের পরই অবসরে যাচ্ছেন মেসি

উত্তরদক্ষিণ । বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:১২

কাতার বিশ্বকাপ শুরুর আগেই আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি বলেছিলেন, হয়তো এটাই তার শেষ বিশ্বকাপ। গতকাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে আর্জেন্টিনাকে ফাইনালে তুলে লিওনেল মেসি জানিয়ে দিলেন, বিশ্বকাপে এটাই তার শেষ অংশগ্রহণ।

এনডিটিভি জানিয়েছে, সেমিফাইনালে ৩-০ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। একটি গোল করেছেন মেসি। গোলের পাস বাড়িয়েছেন একটি।

১৯৮৬ সালের পর বিশ্বকাপ জেতেনি আর্জেন্টিনা। ৩৬ বছর পর আবার বিশ্বকাপ জয়ের সুযোগ তাদের কাছে। ফাইনালের ম্যাচটাই তার শেষ ম্যাচ বলে জানিয়েছেন মেসি।

এনডিটিভি জানিয়েছে, আর্জেন্টিনার এই তারকা ফুটবলার বলেন, ‘ফাইনালে উঠতে পেরে দারুণ লাগছে। আমার বিশ্বকাপ সফর শেষ হবে এ ফাইনাল ম্যাচ খেলেই। পরের বিশ্বকাপ অনেক দেরি। আমার পক্ষে সেটা খেলা সম্ভব হবে না। আর শেষটা এভাবেই করা ভালো।’

৩৫ বছর বয়সি মেসির এটি পঞ্চম বিশ্বকাপ। তিনি টপকে গিয়েছেন তার দেশের কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাডোনাকে। এবারের বিশ্বকাপে পঞ্চম গোল করে ফেলেছেন মেসি। বিশ্বকাপে মোট ১১টি গোল তার দখলে। বিশ্বকাপে এতদিন আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোল করেছিলেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা। ১০টি গোল ছিল তার। মেসি টপকে গেলেন তাকে।

ম্যাচ শেষে মেসি বলেন, ‘ব্যক্তিগত রেকর্ড ভালো। সেগুলো গড়তে পারলে ভালো লাগে। কিন্তু আসল বিষয় হচ্ছে দলগতভাবে জেতা। সেটাই প্রধান লক্ষ্য। খুব সুন্দর বিষয় সেটা। আর একটা ম্যাচ বাকি। অনেক লড়াই করেছি আমরা। এবার আমরা বিশ্বকাপ পাওয়ার জন্য নিজেদের সবটুকু দিয়ে খেলব।’

রোববার (১৮ ডিসেম্বর) আর্জেন্টিনা খেলবে দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের সঙ্গে। বুধবার (১৪ ডিসেম্বর) রাতে ফ্রান্স ও মরক্কো মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading