ইউক্রেনে আর্থিক সহায়তার ঘোষণা কানাডার
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ২০:৩০
ইউক্রেনের বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামতে দেশটিকে ১১৫ মিলিয়ন (১১ কোটি ৫০ লাখ) ডলার সহায়তার ঘোষণা দিয়েছে কানাডা। গত মঙ্গলবার প্যারিসে ইউক্রেনিয়ান পিপল কনফারেন্সে যোগ দিয়ে কানাডার উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এ ঘোষণা করেছেন।
ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, ‘রাশিয়া ও বেলারুশ থেকে আমদানিকৃত পণ্যসামগ্রীর ওপর সংগৃহীত রাজস্ব থেকে কিয়েভকে এ অর্থ সহায়তা করা হবে। পুতিন ও তার দোসররা যুদ্ধাপরাধী। তারা ইউক্রেনের জনগণের মনোবল ভেঙে দিতে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করছে।’
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা।
ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড জানান, তার দেশের এ তহবিল ইউক্রেনকে দেশটির জ্বালানি অবকাঠামোর সুরক্ষা নিশ্চিতে সহায়তা করবে। বিশেষ করে আসন্ন কঠিন শীতে এর প্রয়োজন রয়েছে। দফায় দফায় রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের বিদ্যুৎ সঞ্চালন লাইন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এ অভিযানের বিরুদ্ধে ইউক্রেনকে সামরিক সহায়তাসহ সব ধরনের সহযোগিতা দিয়ে আসছে আমেরিকা ও তার পশ্চিমা মিত্র দেশগুলো। সামরিক অভিযান শুরু হওয়ার পর কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছিলেন, ‘আমরা ইউক্রেনের জনগণকে সমর্থন দেয়া অব্যাহত রাখব। কারণ তারা জাতি ও স্বাধীনতা রক্ষার জন্য লড়াই করছেন।’
এদিকে শীত মোকাবিলায় ইউক্রেনকে আরও ১১০ কোটি আমেরিকান ডলার সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে পশ্চিমা দেশগুলো। ইউক্রেনের পশ্চিমা মিত্ররা গত মঙ্গলবার জরুরি শীতকালীন সহায়তা হিসেবে পূর্ব ইউরোপের এ দেশটিকে অতিরিক্ত ১১০ কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। মূলত ইউক্রেনীয় জ্বালানি গ্রিডের ওপর রাশিয়ার আক্রমণ প্রতিরোধে সহায়তা করার জন্য প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধের জবাবে এ প্রতিশ্রুতি দিল দেশগুলো।
এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের ক্ষতিগ্রস্ত জ্বালানি খাতের জন্য স্বল্প মেয়াদে প্রায় ৮০০ মিলিয়ন ইউরো আর্থিক সহায়তা প্রয়োজন। অবশ্যই এ সংখ্যাটি পরিমাণের দিক থেকে অনেক বেশি, তবে সম্ভাব্য ব্ল্যাকআউটের মূল্যের চেয়ে এ অর্থ বেশ কম।
গত সোমবার জি-৭ জানিয়েছে, তারা ইউক্রেনে সহায়তার ক্ষেত্রে সমন্বয় ও দেশটির পুনর্গঠনে সহায়তার জন্য একটি মাল্টি এজেন্সি প্ল্যাটফর্ম স্থাপন করবে।
ইউডি/এ

