ফারদিন আত্মহত্যা করেনি: বাবা নূর উদ্দিন
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৯:২০
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর ‘আত্মহত্যা’ করেছে- গোয়েন্দা পুলিশের (ডিবি) এমন দাবি প্রত্যাখ্যান করেছেন ফারদিনের বাবা নূর উদ্দিন। তার ছেলে আত্মহত্যা করেননি দাবি করে তা প্রমাণ করতে প্রয়োজনে তিনি নদীতে ঝাঁপ দিতে চান।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের অনুরোধ করে ফারদিনের বাবা বলেন, ‘আপনাদের অনুরোধ করব আপনারা ক্যামেরা নিয়ে সুলতানা কামাল ব্রিজে যাবেন, ওখানে আমি ঝাঁপ দেব। দেখব ওখান থেকে ঝাঁপিয়ে পড়লে কতটা আঘাত লাগে। আপনারাও দেখবেন।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে তিনি বলেন, ‘যেভাবে উনারা ব্রিফ করবেন, যেভাবে ডিরেকশন দেবেন আমি সেভাবে ঝুলে পড়ব। ঝুলে পড়ে দেখিয়ে দেব, প্রমাণ করিয়ে দেব এই হলে এভাবে এটা হয়।’
ফারদিনের মৃত্যুর কারণ নিয়ে শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নানা পর্যায় থেকে বিভিন্ন তথ্য তুলে ধরা হলেও এখন মামলার তদন্ত নতুন মোড় নিয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশ (ডিবি) দাবি করেছে, ‘ফারদিন আত্মহত্যা করেছেন’।
এরপর প্রতিক্রিয়ায় ফারদিনের বাবা দাবি করেন তার ছেলে আত্মহত্যা করতে পারেন না। এদিন তিনি বলেন, ‘আমার ছেলে আত্মহত্যা করতে পারে না, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরিকল্পিতভাবে হত্যার পর এখন আত্মহত্যার নাটক সাজানো হচ্ছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সে (ফারদিন) সাঁতার জানত না। তার সুইসাইড করার জন্য রামপুরা থেকে হাতিরঝিলের লেকটাই চমৎকার জায়গা ছিল। সে কেন কেরানীগঞ্জে যাবে?’
নূর উদ্দিন আরও বলেন, ‘সব ধরনের পরিস্থিতির সঙ্গে চলতে পারা আমার ছেলে আত্মহত্যা করতে পারে না। ঘটনার দিন বুয়েটের উদ্দেশে বের হওয়ার আগে সে চুল কাটিয়েছিল, সেভ করেছিল। আত্মহত্যার আগে কি কেউ চুল কাটে, সেভ করে?’
ফারদিনের মরদেহের দুটি ছবি দেখিয়ে কাজী নূর উদ্দিন বলেন, ‘আমি ফারদিনের লাশ দেখেছি, তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।’
বুয়েট প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে ফারদিনের বাবা বলেন, ‘বুয়েটের ভিসি এবং প্রশাসন কি জানতেন ফারদিনকে হত্যা করা হয়েছে। যে কারণে তিনি আমার পরিবারকে সান্ত্বনা পর্যন্ত দেননি। প্রশাসনের পক্ষ থেকে কেউ আমাদের সঙ্গে দেখাও করেননি। আমার ছেলে বুয়েটে ভর্তি না হলে এমন পরিণতি হতো না।’
ডিবির এই তদন্ত নিয়ে নারাজি দেবেন কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘এর পরও কি আর নারাজি দিতে হবে!’
ইউডি/এ

