সীমান্ত হাটের মাধ্যমে দুদেশের সম্পর্ক সুদৃঢ় হবে: প্রণয় ভার্মা
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:৫৫
সীমান্তহাটের মাধ্যমে বাংলাদেশ ও ইন্ডিয়ার বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন ইন্ডিয়ার হাইকমিশনার প্রণয় ভার্মা।
তিনি বলেন, ‘দুদেশের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে। এই সীমান্তহাটের মাধ্যমে তা আরও সুদৃঢ় হবে। আঞ্চলিক কর্মসংস্থান সৃষ্টি হবে। দুদেশের অর্থনীতিতে সহায়ক ভূমিকা পালন করবে।’
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার বোগলা ইউনিয়নের সীমান্তে বাগানবাড়ি-রিংকু সীমান্তহাট পরিদর্শন শেষে এ আশ্বাস দেন তিনি।
সীমান্তহাট আরও জমজমাট করার আশ্বাস দিয়েছেন প্রণয় ভার্মা। তিনি বলেন, ‘সীমান্তহাট জমজমাট করতে আরও উদ্যোগ নেওয়া হবে। দুদেশের মানুষ আইন মেনে যাতায়াত করবেন। ওপারের কেউ এখানে এসে যেন কোনো বাধার শিকার না হন, সেদিকে স্থানীয় প্রশাসনের নজর রাখতে হবে।’
সুনামগঞ্জ শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে দোয়ারাবাজার উপজেলার বোগলা ইউনিয়নে বাংলাদেশ-ইন্ডিয়ার যৌথ ব্যবস্থাপনায় এই সীমান্তহাট চালু হয়েছে। তবে যাতায়াত ব্যবস্থা খারাপ হওয়ায় হাটটি জমে উঠছে না। বিষয়টি নিয়ে হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয়রা।
হাইকমিশনার বলেন, ‘সড়কটির ব্যাপারে নিশ্চয় স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসন সিদ্ধান্ত নেবেন।’
বাংলাদেশ-ইন্ডিয়ার যৌথ ব্যবস্থাপনায় গত ১২ মে এই সীমান্তহাট চালু হয়। দোয়ারাবাজার উপজেলার বোগলা ইউনিয়নে বাগানবাড়ি, সেটির উল্টোপাশে মেঘালয়ের রিংকু এলাকা। এই দুই এলাকার সীমান্ত ঘিরে এই হাট চালু হয়েছে। দুই দেশের সীমান্তের এই হাট সপ্তাহের একদিন বৃহস্পতিবার বসে।
স্থানীয়রা জানান, বাংলাদেশের ২৬ ও ইন্ডিয়ার ২৪টি মিলিয়ে হাটে দোকান বসে ৫০টি। হাটে দুই দেশের স্থানীয়ভাবে উৎপাদিত পান, সুপারি, সবজি, ফল, নানা জাতের মসলা, কাপড়, জুতা, প্রসাধনীসামগ্রী বিক্রি করেন ক্রেতারা। তবে হাটে যাতায়াতের ব্যবস্থা খারাপ থাকায় এবং ওপারের ক্রেতা কম আসায় আশানরূপভাবে হাটটি জমছে না।
সীমান্তহাট পরিদর্শনের সময় হাইকমিশনারের সঙ্গে ছিলেন তার স্ত্রী মানু ভার্মা, সহকারী হাইকমিশনার নীরাজ কুমার জায়সওয়াল, স্থানীয় সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, জেলা পুলিশ সুপার মো. এহসান শাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ প্রমুখ।
ইউডি/এ

