বোয়িংয়ের আরো উড়োজাহাজ কিনছে ইউনাইটেড

বোয়িংয়ের আরো উড়োজাহাজ কিনছে ইউনাইটেড

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২ । আপডেট ০৭:১৮

মহামারীর ধাক্কা কাটিয়ে বিশ্বব্যাপী ভ্রমণ গন্তব্যে ছুটছে পর্যটকরা। অর্থনৈতিক অস্থিরতা খানিকটা বাধ সাধলেও থেমে নেই পর্যটকদের ঘুরে বেড়ানো। বাড়তি পর্যটকদের সামলানোর পাশাপাশি সার্বিক কার্যক্রম এগিয়ে নিতে ইউনাইটেড এয়ারলাইনস এবার উড়োজাহাজের বহর বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে।

মঙ্গলবার বোয়িংয়ের ৭৮৭ ড্রিমলাইনার মডেলের ১০০টি এবং ৭৩৭ ম্যাক্স মডেলের ১০০ উড়োজাহাজের নতুন ক্রয়াদেশ দিয়েছে প্রতিষ্ঠানটি, যা স্বাভাবিকভাবেই পুরনো উড়োজাহাজ প্রতিস্থাপনের পাশাপাশি মহামারী-পরবর্তী বৃদ্ধি পাওয়া ভ্রমণ চাহিদার সঙ্গে তাল মেলানোর প্রচেষ্টা। খবর রয়টার্স।

বোয়িংয়ের থেকে নতুন ২০০টি উড়োজাহাজ কেনার জন্য শিকাগোভিত্তিক এ এয়ারলাইনসকে গুনতে হচ্ছে চার হাজার ৩০০ কোটি ডলার। ইউনাইটেডের পক্ষ থেকে বলা হয়, ২০২৪ থেকে ২০২৬ সাল নাগাদ নতুন ক্রয়াদেশকৃত ১০০টি ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের মধ্যে প্রায় ৪৪টি এবং বাকি ৫৬টি ২০২৭ থেকে ২০২৮ সালের মধ্যে সরবরাহ করা হবে। সব মিলিয়ে ইউনাইটেড বর্তমানে ৪৪৩টি ম্যাক্স উড়োজাহাজের ক্রয়াদেশ দিয়েছে।

তবে ৭৮৭ মডেলের উড়োজাহাজ কেনার বিষয়টি মূলত লম্বা দূরত্বের ভ্রমণকে ঘিরে ক্রমবর্ধমান চাহিদার পাশাপাশি এবং ইউনাইটেডের পুরনো বিমান প্রতিস্থাপনের বিষয়টিকে প্রতিফলিত করে।

যদিও এত সংখ্যক উড়োজাহাজের ক্রয়াদেশ ইউনাইটেডের ব্যালান্স শিট ঘিরে খানিকটা উদ্বেগ প্রতিফলিত করে। কেননা উল্লেখিত সংখ্যক উড়োজাহাজ কেনা বাবদ আগামী দুই বছরে প্রতিষ্ঠানটিকে নিজস্ব তহবিল থেকে আনুমানিক দুই হাজার কোটি ডলার পরিমাণ অর্থ ব্যয় করতে হবে।

বিনিয়োগ ব্যাংকিং ও পুঁজিবাজার প্রতিষ্ঠান জেফরিসের বিশ্লেষকরা অনুমান করেছেন, ২০৩২ সালের মধ্যে ৭০০টি নতুন উড়োজাহাজ কেনা বাবদ ইউনাইটেডের মোট মূলধন ব্যয় পাঁচ হাজার কোটি ডলারে পৌঁছবে। তবে শিকাগোভিত্তিক ক্যারিয়ারটি অবশ্য জানায় যে ঋণ কমানোর পরিকল্পনার পাশাপাশি তারা একটি শক্তিশালী ব্যালান্স শিট প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে মিড-ডে লেনদেনে ইউনাইটেডের শেয়ার কমেছে ৫ দশমিক ৫ শতাংশ, বিপরীতে বোয়িংয়ের শেয়ার বেড়েছে শূন্য দশমিক ২ শতাংশ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading