নিবন্ধন পেতে বাধা নেই ‘তৃণমূল বিএনপি’র

নিবন্ধন পেতে বাধা নেই ‘তৃণমূল বিএনপি’র

উত্তরদক্ষিণ । রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৯:০৯

ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন ‘তৃণমূল বিএনপি’কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে দলটির নিবন্ধন পেতে বাধা রইলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে রোববার (১৮ ডিসেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে নাজমুল হুদার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ ইয়াছিন।

পরে শাহ মঞ্জুরুল হক বলেন, ‘হাইকোর্ট তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে নির্বাচন কমিশন। আজ (রোববার) শুনানি নিয়ে ইসির লিভ টু আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিতে বাধা রইলো না।’

২০১৮ সালের ১৪ জুন তৃণমূল বিএনপির নিবন্ধনের আবেদন প্রত্যাখ্যান করে নির্বাচন কমিশন। পরে এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন নাজমুল হুদা।

ওই রিটের শুনানি নিয়ে ২০১৮ সালের ৪ নভেম্বর নাজমুল হুদার নেতৃত্বাধীন তৃণমূল বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত তৎকালীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এ রুলের শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান ও আইনজীবী শাহদীন মালিকের মতামত নিয়েছিলেন হাইকোর্ট।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading