৮ বাংলাদেশিকে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীদের মুক্তিপণ দাবি

৮ বাংলাদেশিকে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীদের মুক্তিপণ দাবি
অপহৃত কলেজ শিক্ষার্থী আবছার।

উত্তরদক্ষিণ । সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:১৫

কক্সবাজারের টেকনাফে মাছ ধরতে যাওয়া আট বাংলাদেশিকে তুলে নিয়ে গেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। পরিবারের কাছে মুঠোফোনে মুক্তিপণ হিসেবে জনপ্রতি তিন লাখ টাকা করে দাবি করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীদের স্বজনরা।

সোমবার (১৯ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি আব্দুল হালিম।

অপহৃতরা হলেন- বাহারছডা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে জাহাপুড়া এলাকার রশিদ আহামদের ছেলে মোহাম্মদ উল্লাহ, ছৈয়দ আমিরের ছেলে মোস্তফা কামাল, মমতাজ মিয়ার ছেলে মো. রিদুয়ান, রুস্তম আলীর ছেলে সেলিম উল্লাহ, ছৈয়দ আমিরের ছেলে করিম উল্লাহ, কাদের হোসনের ছেলে নুরুল হক, তার ছেলে নুর মোহাম্মদ ও রশিদ আহমদের ছেলে কলেজ শিক্ষার্থী আবছার।

ওসি হালিম বলেন, ‘রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ে বনিরছড়া খালে মাছ শিকার করতে গেলে সেখান থেকে তাদেরকে রোহিঙ্গা সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেছে। অস্ত্রের মুখে রোহিঙ্গা সন্ত্রাসীরা তাদেরকে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়।’

বাহারছড়া ইউপির প্যানেল চেয়ারম্যান এবং ৫নং ওযার্ডের ইউপি সদস্য হুমায়ুন কাদের বলেন, ‘মাছ শিকার করতে গিয়ে তারা সন্ধ্যা পর্যন্ত ফেরত না আসায় বিয়ষটি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানান তাদের পরিবার।’

বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মশিউর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। পরে বিস্তারিত জানানো হবে।’

টেকনাফ মডেল থানার আব্দুল হালিম জানান, বাহারছড়ার জাহাপুড়া এলাকায় আট জনকে অপহরণে খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলসহ আশপাশে অভিযানে যায়। রাতেও পুলিশের একটি বড় টিম অভিযান অব্যাহত রেখেছে।

অপহরণকারীদের অবস্থান সম্পর্কে জানা গেলে প্রয়োজনে চিরুনি অভিযান চালানো হবে বলে উল্লেখ করেন ওসি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading