পুরুষের মতো পোশাক পরলেই নারীদের জেল
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:২০
বিবাহবহির্ভূত গর্ভধারণ, পুরুষের মতো আচরণ ও পোশাক পরলে বেত্রাঘাতসহ জেল-জরিমানার বিধান রেখে মুসলিম নারীদের জন্য নতুন আইন পাশ করেছে মালয়েশিয়া।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার তেরেঙ্গানু প্রদেশে সরকারের সাম্প্রতিক এই পদক্ষেপ দেশটিতে নারী অধিকারের বর্তমান অবস্থাকে আরও খারাপ করে তুলবে বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা।
অল উইমেনস অ্যাকশন সোসাইটিসহ ১৪টিরও বেশি অধিকার গোষ্ঠী বলেছে, উত্তর-পূর্ব রাজ্য তেরেঙ্গানুর আইনি পরিবর্তনগুলো মত প্রকাশের স্বাধীনতা, সমতা এবং বৈষম্যহীনতার অধিকার লঙ্ঘন করেছে। রাজ্যটিতে জাদুবিদ্যাকেও নিষিদ্ধ করা হয়েছে।

যে আইনগুলো পাশ করা হয়েছে সেগুলো ভাঙলে পাঁচ হাজার রিঙ্গিত (মালয়েশিয়ার মুদ্রা) পর্যন্ত জরিমানাসহ তিন বছরের জেল এবং ছয়টি বেত্রাঘাতের যেকোনো একটি বা একইসঙ্গে একাধিক শাস্তির বিধান রাখা হয়েছে।
মালয়েশিয়া সরকারের ধর্ম বিষয়ক কর্মকর্তা সতিফুল বাহারি মামতের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সংবাদ সংস্থা বার্নামা।
নারীদের জন্য এমন বিধান জারি করায় মালয়েশিয়াজুড়ে মানবাধিকার সংস্থাগুলো অনুষ্ঠানিক নিন্দা জানিয়েছে।
অল উইমেনস অ্যাকশন সোসাইটিসহ ১৪টিরও বেশি মানবাধিকার গোষ্ঠী এক যৌথ বিবৃতিতে বলেছে, রাজ্যের বিধানসভায় নতুন পাশ হওয়া আইন নারী, পুরুষ এবং সমকামী পরিচয়ধারীদের বর্তমান অবস্থাকে আরও খারাপ করে তুলবে।

তবে আইনগুলো নিয়ে মালয়েশিয়া সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বলছে, এটি মুসলিমদের জন্য আরও কল্যাণ বয়ে আনবে।
সরকারের ধর্ম বিষয়ক কর্মকর্তা সতিফুল বাহারি মামত বলেন, ‘নতুন আইনে নারীদের পুরুষের মতো আচরণ করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে; কারণ বর্তমান আইনে কেবল পুরুষদের ওপর নারীর মতো আচরণ না করার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। সুতরাং, এখন নারী-পুরুষ উভয় পক্ষের জন্যই আইনে সমতা আনা হলো।’
বার্তা সংস্থাকে তিনি আরও বলেন, ‘হঠাৎ নতুন নিয়ম জারির কারণ হলো, অতীতে এই সমস্যাটি (নারীদের পুরুষের মতো আচরণ বা সমকামীতা) খুব বেশি ছিল না। কিন্তু আমরা এখন এটি অহরহ দেখতে পাচ্ছি। লেসবিয়ানদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, তাই রাজ্য সরকার সমস্যাটি নিয়ন্ত্রণ করতে এই পদক্ষেপ নিয়েছে।’
ইউডি/এ

