আওয়ামী লীগই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড শুরু করেছিল : খন্দকার মোশাররফ
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:৫১
‘আওয়ামী লীগই দেশে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড শুরু করেছিল’- এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা যখনই শান্তিপূর্ণ কর্মসূচি দিই, সরকার তখনই বলে আমরা নাকি ভায়োলেন্স করব। অথচ আওয়ামী লীগের আমলে রক্ষীবাহিনী তৈরি করে দেশের ২০ হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিল।’
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘ঢাকা বিভাগের সমাবেশ থেকে আমরা ১০ দফা ঘোষণা দিয়েছিলাম। ১০ দফার মূল কথা ছিল, এই সরকারকে পদত্যাগ করতে হবে। এই ‘‘অবৈধ সংসদ’’ বাতিল করতে হবে। এ দেশে একটি নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হতে হবে। এ দেশের মানুষ যাতে নিজের হাতে ভোট দিয়ে তাদের পছন্দমতো প্রতিনিধি নির্বাচিত করতে পারে। এ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে।’
‘বিএনপি রাষ্ট্রীয় ব্যবস্থাকে ধ্বংস করেছে’— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যে মোশাররফ বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই সরকার ক্ষমতায় থাকার জন্য বিভিন্নভাবে ইতিহাসকে বিকৃত করছে। তাদের সত্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই—এ ধরনের কথা বলে দেশের জনগণকে তারা বিভ্রান্ত করতে চায়।’
সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ।
বিএনপির গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
ইউডি/এ

