ক্যান্সার কোষকে স্বাভাবিক কোষে রুপান্তরে গবেষণা, মিলেছে সফলতা

ক্যান্সার কোষকে স্বাভাবিক কোষে রুপান্তরে গবেষণা, মিলেছে সফলতা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৭:৩০

মরণব্যাধি ক্যান্সার নিয়ে বিভিন্ন দেশের গবেষকরা কাজ করে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে বেশ কিছু সফলতাও এসেছে। এবার সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অফ বাসেল এবং ইউনিভার্সিটি অফ বাসেলের হসপিটালের গবেষকরা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত কোষকে স্বাভাবিক কোষে পরিণত করার সম্ভাবনা বিষয়ক একটি পরীক্ষা চালিয়েছেন। পরীক্ষায় এসেছে সফলতাও।

গবেষকরা এই পরীক্ষা চালাতে ডিফারেনশিয়ান নামের থেরাপিউটিক ট্রিটমেন্ট ব্যবহার করেছেন, যা এর আগে রক্তবাহিত ক্যান্সারের চিকিৎসায় সফলভাবে প্রয়োগ করা হয়েছে। স্তন ক্যান্সারে যে শক্ত টিউমার থাকে, এর ক্ষেত্রে তা এর আগে ব্যবহার করা হয়নি।

এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রফেসর মোহাম্মদ বেন্টিরেস-আলজের নেতৃত্বে গবেষক দলটি এরই মধ্যে ইতিবাচক ফলাফল পেয়েছেন এবং দেখেছেন ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা অ্যান্টি-ইস্ট্রোজেনিক থেরাপির মাধ্যমে চিকিৎসা করা যেতে পারে।’

গবেষক দলের প্রধান ও বায়োমেডিসিন বিভাগের গ্রুপ লিডার প্রফেসর বেন্টিরেস-আলজ জানান, তারা এখন ব্রেস্ট ক্যান্সারের কোষকে স্বাভাবিক রুপান্তরিত করতে পারেন এবং এর বৃদ্ধি ঠেকিয়ে দিতে সক্ষম।

‘ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারের মতো আক্রমণাত্মক ধরণের ক্ষেত্রেও আমাদের নতুন চিকিৎসা পদ্ধতি প্রতিশ্রুতিশীল ফল সরবরাহ করেছে। ফলে এ পদ্ধতিতে ক্যান্সারে আক্রান্ত কোষগুলোকে মেরে ফেলার প্রয়োজন হবে না’, বলেন তিনি।

গবেষণা দলটি কোষের চিকিৎসায় ৯ হাজার ৫০০টিরও বেশি যৌগ পরীক্ষা করেছে এবং ক্যান্সারের কোষচক্রের জন্য দায়ী প্রোটিনের প্রতিরোধক কিনাসি-১ খুঁজে পেয়েছে।

গবেষকরা জানিয়েছেন, এ গবেষণায় ব্যবহৃত যৌগ অন্যান্য চিকিৎসার ক্ষেত্রেও ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading