টুইটারের সিইও পদ ছাড়তে চান মাস্ক, তবে…
উত্তরদক্ষিণ । বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ । আপডেট ০৯:৪০
‘যোগ্য ব্যক্তির হাতে’ দায়িত্ব দিয়ে ‘শিগগিরই’ টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়েছেন ইলন মাস্ক।
আমেরিকা সময় মঙ্গলবার (২০ ডিসেম্বর) এক টুইটে তিনি এমনটি জানিয়েছেন।
টুইটে মাস্ক বলেন, ‘দায়িত্ব নেওয়ার মতো বোকা কাউকে পাওয়া মাত্রই সিইও পদ থেকে সরে দাঁড়াব! এরপর শুধু সফটওয়্যার ও সার্ভার টিমগুলো পরিচালনা করব।’
৪৪ বিলিয়ন ডলারে গত ২৭ অক্টোবর টুইটার কেনার পর প্রথমবারের মতো সিইও পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানালেন মাস্ক। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমটিতে মাস্ক ভোটের আয়োজন করে জানান, তার সিইও পদে থাকার বিপক্ষে বেশি ভোট পড়লে তিনি সরে দাঁড়াবেন।
ভোটে বেশিরভাগ অংশগ্রহণকারী টুইটারের সিইও পদ থেকে মাস্ককে সরে দাঁড়ানোর পক্ষে ভোট দেন।
বৈদ্যুতিক গাড়ি নির্মাণে মাস্কের মনোযোগ নিয়ে সম্প্রতি প্রশ্ন তোলে তার আরেক প্রতিষ্ঠান টেসলা।
টুইটারের সিইও খোঁজা হচ্ছে জানিয়ে সম্প্রতি মাস্ক স্বীকার করেছেন, তার কাজ অনেক হয়ে যাচ্ছে।
এ নিয়ে গত রোববার বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী বলেন, ‘কোনো উত্তরসূরি পাচ্ছি না। টুইটারকে বাঁচিয়ে রাখার চাকরি কেউ নিতে চায় না।’
ইউডি/এ

