শেখ হাসিনার অনুপ্রেরণায় অসাধ্যকে সাধন করছি: ওবায়দুল কাদের
উত্তরদক্ষিণ । বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:৫১
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রাস্তায় ও পরিবহনে শৃঙ্খলা না থাকলে ‘‘স্মার্ট বাংলাদেশ’’ গড়া সম্ভব হবে না। এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারব না। দেশকে স্মার্ট করতে হলে সড়কগুলোকে আরও স্মার্ট করতে হবে।’
বুধবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দেশের ১০০টি মহাসড়ক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নে বিশ্বের বিস্ময় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তার (শেখ হাসিনা) নেতৃত্ব ও অনুপ্রেরণায় আমরা অসাধ্যকে সাধন করছি।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি যখন দায়িত্ব (মন্ত্রণালয়ের) দিয়েছিলেন ২০১১ সালের শেষ দিকে তখন আমাকে জিজ্ঞাসা করেছিলেন তুমি এখানে পারবে কি না। আমি বলেছিলাম কাজের জায়গা চাই। আমাকে কাজের জায়গা দিন। আপনার ছায়া থাকলে পারব। এরপর দায়িত্ব পাই। প্রধানমন্ত্রী কী চান আমি বুঝতাম। আর আমি কী চাই সেটা মন্ত্রণালয়ে বুঝতো। আপনার (প্রধানমন্ত্রী) নেতৃত্বে আমরা টিম স্পিরিট নিয়ে কাজ করেছি।’
ইউডি/এ

