নির্বাচন নিয়ে কোনো চাপ নেই: সিইসি
উত্তরদক্ষিণ । বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ । আপডেট ২০:০০
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের ওপর আন্তর্জাতিক সম্প্রদায় কিংবা কোনো দেশের রাষ্ট্রদূতদের চাপ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় বা বিদেশি রাষ্ট্রদূতদের কোনো চাপ নেই নির্বাচন কমিশনের ওপর। তারা যে বক্তব্য দিচ্ছে, তা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। এটি সরকারের ব্যাপার এবং যারা বক্তব্য দিচ্ছেন এটা দ্বিপক্ষীয় বিষয়। এ বিষয়ে আমি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কোনো মন্তব্য করব না।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি আরও বলেন, ‘নির্বাচন তো আমরা করব, কোনো দলকে বাধ্য করছি না। বিএনপি একটি গুরুত্বপূর্ণ বিরোধী দল। তারা নির্বাচনে আসলে আরও অধিকতর অংশগ্রহণমূলক হবে। আমরা প্রথম থেকেই বলে এসেছি, বিএনপি এলে আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করি। আমরা আশা করি বিএনপিসহ সকল দল নির্বাচনে অংশ নেবে।’
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ুন কবির, বরিশাল বিভাগীয় কমিশনার আমিনুল আহসান, ডিআইজি এসএম আক্তারুজ্জামান প্রমুখ।
ইউডি/এ

