আওয়ামী লীগের সম্মেলনে যুক্ত হলো ‘থিম সং’

আওয়ামী লীগের সম্মেলনে যুক্ত হলো ‘থিম সং’

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:৩০

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে প্রকাশিত থিম সং নতুন মাত্রা যোগ করেছে নেতাকর্মীদের মাঝে। দলটির ৭৩ বছরের ইতিহাসে প্রথমবার ২২তম সম্মেলনে যুক্ত হলো এটি।

বৃহস্পতিবার রাত ৯টায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে থিম সংটি আপলোড করা হয়েছে। সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর বিভাগের উদ্যোগে নবনির্মিত ‘থিম সং’ যুক্ত করেছে নতুন মাত্রা।

জুলফিকার রাসেলের গীতিকাব্যে দলের ৭৩ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো সৃষ্ট দলের থিম সংয়ে সুর তুলেছেন দেশের খ্যাতনামা কয়েকজন কণ্ঠশিল্পী। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পরিকল্পনায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন পাভেল আরিন।

গানটিতে মোহনবীণা বাজিয়েছেন গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী ভারতের কিংবদন্তী শাস্ত্রীয় সংগীত ব্যক্তিত্ব পন্ডিত বিশ্ব মোহন ভাট। কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, চন্দনা মজুমদার, দিলশাদ নাহার কণা ও মাশা ইসলাম। ইয়াসির মাহমুদ খানের সমন্বয়ে চিত্র পরিচালনা করেছেন ইশতিয়াক মাহমুদ।

এ বিষয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ‘আওয়ামী লীগ একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, যার নেতৃত্বে স্বাধীন হয়েছে বাংলাদেশ। দলের দীর্ঘ ৭৩ বছরের ইতিহাসে অসংখ্য জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খুঁজলে এক-একটি সম্মেলনে একটি ব্যতিক্রমী আয়োজন যে কারও চোখে পড়বে। তবে এবারই প্রথম দলের দফতর বিভাগ থেকে একটি থিম সং করা হয়েছে।’

‘অসাধারণ কিছু করার চিন্তা থেকে ব্যতিক্রমী এই আয়োজন’-এই পরিকল্পনার কথা জানিয়ে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ‘আওয়ামী লীগের অতীতের বিভিন্ন সম্মেলনে সংস্কৃতি বিভাগ থেকে নানা আয়োজন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবারের সম্মেলনেও অনেক আয়োজন থাকবে।’

শনিবার সকাল সাড়ে ১০টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন শুরু হবে। এদিন বিকালে হবে কাউন্সিল অধিবেশন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ প্রত্যয়’।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading