দলের দায়িত্বে এতবার থাকা ঠিক না: শেখ হাসিনা

দলের দায়িত্বে এতবার থাকা ঠিক না: শেখ হাসিনা
ফাইল ছবি

উত্তরদক্ষিণ । রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:১২

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার মনে হয় একটা পার্টির দায়িত্বে এতবার থাকা ঠিক না। আমার বয়স হয়েছে এটা মনে রাখতে হবে।’

রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে গণভবনে তিনি এসব কথা বলেন।

এর আগে গণভবনে আওয়ামী লীগসহ এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সরকারি দলটির সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি তৃণমূলের নেতারাও গণভবনে উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা বলেন, ‘দোয়া করবেন। আপনারা নির্বাচিত করেছেন আবার। এতবার আমার মনে হয় একটা পার্টির (দলের) দায়িত্বে থাকা ঠিক না। তারপরেও এখন যেহেতু সারা বিশ্বব্যাপী একটা দুঃসময়… বিশ্বব্যাপী দুঃসময়ের জন্যই আমি হয়তো মানা করিনি। কিন্তু আমার বয়স হয়েছে, এটা মনে রাখতে হবে।’

তিনি বলেন, ‘সংগঠনটা যেন ঠিক চলতে থাকে সেই ব্যবস্থাটা করতে হবে।’

গণভবনে নেতাকর্মীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘যাই হোক আপনারা এসেছেন কষ্ট করে। গণভবন আপনাদেরই ভবন। এটার নাম আব্বা (বঙ্গবন্ধু) দিয়েছেন গণভবন, কারণ এটা জনগণেরই ভবন।’

এর আগে সকাল ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা।

শনিবার আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের মাধ্যমে দলের নতুন কার্যনির্বাহী সংসদ নির্বাচন করা হয়। নতুন এ কার্যনির্বাহী সংসদে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অধিকাংশ সদস্যই পুনরায় নির্বাচিত হন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading