নতুন নেতৃত্ব ভোটের অধিকার ফিরিয়ে দেবে, আশা ন্যাপের
উত্তরদক্ষিণ । রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৯:৪৫
দেশের প্রবীণতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ নেতৃবৃন্দ।
তারা বলেছেন, দেশের সকল গণতন্ত্রকামী জনতার প্রত্যাশা যে, আওয়ামী লীগের নতুন নেতৃত্ব দেশের মানুষকে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে দেবে এবং দুর্নীতি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করবেন।
রোববার (২৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন।
নেতাদ্বয় আশা প্রকাশ করেন যে, আওয়ামী লীগের নতুন নেতৃত্ব গণতন্ত্রের কথা বলবে। মহান মুক্তিযুদ্ধের ও স্বাধীনতার মূল চেতনা হচ্ছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠার জন্য কাজ করবে। দেশের প্রবীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হিসেবে স্বাধীনতা-সার্বভৌমত্ব, পতাকা-মানচিত্র রক্ষায় এবং মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে অনেক বেশি দায়িত্ববান হবেন।
তারা বলেন, নতুন নেতৃত্ব বর্তমানে দেশে গণতন্ত্র ও সুষ্ঠু রাজনীতি চর্চার যে ঘাটতি আছে, সেটা পূরণ করতে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় সচেষ্ট হবেন। গণমানুষের অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামে আওয়ামী লীগের ঐতিহ্য রয়েছে। আগামী দিনে দলটি সেই ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করতে সমর্থ হবেন।
নেতাদ্বয় অভিনন্দন বার্তায় আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে তাদের পাশাপাশি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
ইউডি/এ

