বড়দিনে ক্যাটরিনার উপহার ‘মেরি ক্রিসমাস’ এর পোস্টার
উত্তরদক্ষিণ । সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২ । আপডেট ০৮:৩০
বড়দিনে ভক্ত-অনুরাগীদের নতুন উপহারে ‘চমকে’ দিলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। নতুন চলচ্চিত্রের ঘোষণা দেওয়ার ঠিক এক বছর পর ইনস্টাগ্রামে ‘মেরি ক্রিসমাস’ সিনেমার পোস্টার প্রকাশ করেছেন এই নায়িকা।
ক্যাটরিনার পোস্ট করা সেই পোস্টারে দুটি ভাঙা ওয়াইনের গ্লাস। মুখ দেখা না গেলেও গ্লাস ধরে রাখা দুই নারী-পুরুষের হাত দেখা যাচ্ছে। ভাঙা গ্লাস থেকে চুইয়ে পড়ছে লাল ওয়াইন।
হিন্দুস্তান টাইমস লিখেছে, এ সিনেমার ঘোষণা এসেছিল ঠিক এক বছর আগে, এই দিনে। সেদিন ক্যাট ও তামিল নায়ক বিজয় সেতুপতি ঘোষণা দিয়েছিলেন, পরের বড়দিনে একটি নতুন সিনেমা তারা আনতে চলেছেন।
সে সময় সিনেমার নাম প্রকাশ না করে দুই তারকা জানিয়েছিলেন, পরিচালক শ্রীরাম রাঘবনের সঙ্গে একটি প্রজেক্টে তারা কাজ করছেন। এর কিছুদিন পর জানা যায়, সিনেমার নাম ‘মেরি ক্রিসমাস’।
পোস্টারের ছবি পোস্ট করে ক্যাটরিনা লিখেছেন, “আমার সিনেমাটি ক্রিসমাসে মুক্তি দিতে চেয়েছিলাম…কিন্তু একটা টুইস্ট আছে…।
‘ক্রাইম থ্রিলার’ ঘরানার ‘মেরি ক্রিসমাস’ মুক্তি পাবে হিন্দি ও তামিল ভাষায়। সিনেমাটি হলে আসবে ২০২৩ সালে। বড়দিনের আগে ঘটে যাওয়া এক ‘অপ্রীতিকর’ ঘটনা ঘিরে আবর্তিত হয়েছে সিনেমার গল্প; যা ক্যাটরিনা ও বিজয়ের জীবনকেই বদলে দেয়।
ক্যাটরিনা ও বিজয় ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন বিনয় পাঠক, সঞ্জয় কাপুর, টিনু আনন্দ, প্রতিমা কাজমি, রাধিকাসহ অনেকে।
ইউডি/কেএস

