জন্মদিনে সালমানের বাড়িতে লঙ্কাকাণ্ড
উত্তরদক্ষিণ । বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:২০
বলিউডের চিরকুমারের ৫৭তম জন্মদিন। সোমবার মধ্যরাত থেকেই মায়ানগরীতে শুরু হয়ে গিয়েছিল তোড়জোড়। কিন্তু মঙ্গলবার সকাল হতেই কাতারে কাতারে ভিড় জমতে থাকে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে। সবার ইচ্ছা একটাই, একবার চোখের দেখা দেখবেন প্রিয় তারকাকে।
কারও হাতে ফুল, কারও হাতে কেক। কেউ এসেছেন পোস্টার হাতে। বেলা গড়াতেই ভিড় বাড়তে থাকে। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিল পুলিশ। লাঠিচার্জও করতে হয় অনুরাগীদের ওপর।
এমনিতে প্রতিবছর প্যানভেলের কাছে নিজের ফার্ম হাউসে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেন সালমান খান। কিন্তু এ বছর সেই রেওয়াজ ভেঙে বোন অর্পিতা ও ভগ্নিপতি আয়ুশ শর্মার বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জন্মদিনে যেন বলিউড তারকাদের চাঁদের হাট বসেছিল।
শাহরুখ খান নিজে এসেছিলেন সালমানকে শুভেচ্ছা জানাতে। রাতের পর্ব মিটতেই সকাল থেকে ভিড় জমতে থাকে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। তাকে এক ঝলক দেখার জন্য হাজারও লোকের জমায়েত হতে থাকে। বাড়ির সামনে রাখা গার্ড রেল ফেলে দেয় অনুরাগীরা। ততক্ষণে বাড়ির বারান্দায় এসে অনুরাগীদের উদ্দেশে হাত নেড়েছেন সালমান। তাতেই উচ্ছ্বাস যেন দ্বিগুণ বেড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে।
এমনিতেই মাস কয়েক আগে অভিনেতাকে প্রাণনাশের হুমকি দেয় বিষ্ণোই গ্যাং। তার পর থেকেই নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা শুরু হয়েছে।
ইউডি/এ

