জম্মুতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪
উত্তরদক্ষিণ । বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:৪০
ইন্ডিয়া নিয়ন্ত্রিত জম্মুতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন চার জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে জম্মু শহরের পাঞ্জতীর্থী-সিধরা সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এলাকাটিতে নিরাপত্তা তল্লাশি চালানো হচ্ছিল। ওই সময় অস্বাভাবিকভাবে ঘোরাফেরা করা একটি ট্রাক থামিয়ে তল্লাশি করতে গেলে ভেতরে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পাল্টা গুলিতে সব সন্ত্রাসীর মৃত্যু হয়।
জম্মু পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মুকেশ সিং এ তথ্য নিশ্চিত করেছেন। ইন্ডিয়ার সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মুকেশ সিং বলেন, ‘গোলাগুলির সময় ট্রাকটির চালক পালিয়ে যায়, তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে।’
এদিকে পোড়া ট্রাক থেকে সাতটি একে বন্দুক, একটি এম৪ কার্বাইন, তিনটি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলবারুদ উদ্ধার করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, সন্ত্রাসীদের বহন করা ট্রাকটি জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল। এ ঘটনার পরে ওই এলাকা সিলগালা করে মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
তবে এ বন্দুকযুদ্ধ সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হতে পারেনি বার্তাসংস্থা এপি।
ইউডি/এ

