বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন ১১৫ পুলিশ

বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন ১১৫ পুলিশ
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । সোমবার, ০২ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:০০

দায়িত্ব পালন ও কাজের স্বীকৃতি হিসেবে ২০২২ সালের বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম এবং রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম পাচ্ছেন ১১৫ কর্মকর্তা। সোমবার (০৩ জানুয়ারি) পুলিশ সপ্তাহের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত পুলিশ সদস্যদের পদক পরিয়ে দেবেন।

রোববার (০১ জানুয়ারি) এক প্রজ্ঞাপনে এমনটা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা। প্রজ্ঞাপনে বলা হয়, সাহসিকতার জন্য ১৫ পুলিশ সদস্যকে বিপিএম ও ২৫ জনকে পিপিএম পদক দেওয়া হবে। এ ছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় ভূমিকার জন্য ২৫ জন বিপিএম (সেবা) এবং ৫০ জন পিপিএম (সেবা) পদক পাবেন।

বিপিএম সাহসিকতা ও সেবা এবং পিপিএম সাহসিকতা ও সেবা—এই চারটি ক্যাটাগরিতে প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়। প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে প্রতিবছর পুলিশ সদস্যদের দেওয়া হয় পুলিশ ফোর্সেস এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ (আইজি’স ব্যাজ)।

পুলিশ সদরদপ্তর জানায়, এবারের পুলিশ সপ্তাহে ভালো কাজের জন্য পুরস্কার হিসেবে আইজি’স ব্যাজ পাচ্ছেন ৪৫৮ পুলিশ সদস্য।

৪ জানুয়ারি রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের প্যারেড গ্র্যাউন্ডে তাদের এই ব্যাজ পরিয়ে দেবেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading