ছয় জঙ্গি ৫ দিনের রিমান্ডে

ছয় জঙ্গি ৫ দিনের রিমান্ডে

উত্তরদক্ষিণ । সোমবার, ০২ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৭:১৫

জিহাদি সংগঠন আল-কায়েদার মতাদর্শে উদ্ধুব্ধ হয়ে দেশে সশস্ত্র জিহাদ করার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ছয় জঙ্গির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- সৌদি প্রবাসী দল নেতা আব্দুর রউফ, সাকিব, শামীম হোসেন, নাদিম শেখ, আবছার ও সাইদ উদ্দিন।

সোমবার (২ জানুয়ারি) আসামিদের প্রথমে আদালতে হাজির করে পুলিশ। এরপর যাত্রাবাড়ী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ (সিটিটিসি)।

শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম।

এর আগে রোববার (০১ জানুয়ারি) রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল, চট্টগ্রাম ও টেকনাফ থেকে ওই ছয় জনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, অনলাইনে আল-কায়েদার মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশের ভেতরে ‘কথিত জিহাদ’ করার পরিকল্পনা ছিল আব্দুর রউফের। এই লক্ষ্যে সৌদি আরব থেকে তিনি দেশে ফেরার পরে বাড়ি যাননি। বিমানবন্দর থেকে সরাসরি জঙ্গি ক্যাম্পে চলে যান।

মো. আসাদুজ্জামান বলেন, আল-কায়েদার সঙ্গে কোনো যোগাযোগ নেই তাদের। গ্রেপ্তারকৃতরা আল-কায়েদার মতাদর্শ অনুসরণ করেন। অনলাইন প্লাটফর্মের বিভিন্ন ভিডিও কনটেন্ট দেখে মতাদর্শে উদ্বুদ্ধ হয়েছেন তারা।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading