তুষারকন্যা বাঁধন
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ । আপডেট ২১:০০
নতুন বছরে তুষারে আবৃত ক্যালিফোর্নিয়ায় আনন্দে মেতেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মেয়ের আবদার মেটাতে যোগ দিয়েছেন বরফ খেলায়।
গত বছরের ডিসেম্বরেই মেয়েকে নিয়ে আমেরিকায় উড়াল দিয়েছিলেন বাঁধন। বড়দিন উদযাপনের পর এবার ইন্সটাগ্রামে বরফের দেশের ছবি শেয়ার করেছেন।
‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় ‘রেহানা’ হয়ে দর্শকদের কাছে পরিচিতি পাওয়া বাঁধন এবারের আমেরিকা ভ্রমণকে বলছেন ‘অন্যরকম আনন্দের’।

এর আগেও মেয়েকে নিয়ে আমেরিকায় গেছেন বাঁধন। সেবার মেয়েকে বলেছিলেন, এটাই তাদের শেষবারের মত আমেরিকা ভ্রমণ, কারণ এত খরচ তার পক্ষে সম্ভব না।
কিন্তু মেয়ের আবদার ছিল তুষারপাত দেখবে, সেটা আবার আমেরিকা ছাড়া অন্য দেশ হলে হবে না। মেয়ের সেই শখ পূরণ করতে পেরে বাঁধন খুশি।

ইন্সটাগ্রামে বাঁধন লিখেছেন, ‘সন্তানের মুখের হাসি দেখার আনন্দ কি ভাষায় প্রকাশ সম্ভব?’
‘খুফিয়া’ চলচ্চিত্রের মাধ্যমে ইন্ডিয়ান চলচ্চিত্রেও পা রেখেছেন বাঁধন। ইতোমধ্যে ইউটিউবে এই সিনেমার টিজার প্রকাশ হয়েছে। অমর ভূষণের উপন্যাস ‘এসকেপ টু নোহোয়্যার’ অবলম্বনে স্পাই থ্রিলারধর্মী সিনেমাটি বিশাল ভরদ্বাজ নির্মাণ করেছেন নেটফ্লিক্সের জন্য।

আগামীতে ওয়েব সিরিজ ‘গুটি’তে দেখা যাবে কানের লাল গালিচায় হেঁটে আসা বাঁধনকে। সিরিজটি মুক্তি পাবে স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে। গুটিতে সুলতানা নামে একজন ‘ড্রাগ ডিলার’র চরিত্রে অভিনয় করবেন বাঁধন।
ইউডি/এ

