গণতন্ত্র উদ্ধার হলে বাংলাদেশ মুক্ত হবে : গয়েশ্বর
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:১৫
আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র উদ্ধার করতে পারলে বাংলাদেশ মুক্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মঙ্গলবার (০৩ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, মির্জা আব্বাসসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করে ঢাকাস্থ ঠাকুরগাঁও জাতীয়তাবাদী ফোরাম।
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সকলকে শরিক হওয়ার আহ্বান জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র উদ্ধার করতে পারলে বাংলাদেশ মুক্ত হবে। আমাদের নেতাকর্মীরা মুক্ত হবে। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠিত করতে পারব।’
তিনি বলেন, ‘দেশের ১৮ কোটি মানুষ গণতন্ত্র চান। জনগণ তাদের ভোট নিরাপদে দিতে চায়। আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র উদ্ধার করতে পারলে বাংলাদেশ মুক্ত হবে; মানুষ ভোট দিতে পারবে। আজকে আদালত, সরকারসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসব কিছু সরকারের কথায় চলে। সকালে শেখ হাসিনা যা বলেন, দুপুরে আদালত তাই করেন।’
তিনি আরও বলেন, ‘ওবায়দুল কাদের ও হাছান মাহমুদরা টেলিভিশনে যা বলেন, আদালতে সে অনুযায়ী রায় হয়। এসব দেখেই বোঝা যায়, আদালত স্বাধীন নয়। স্বাধীনভাবে কাজ করতে চায়ও না। সে কারণে আমাদের আন্দোলনের কোনো বিকল্প নেই। আমাদের সংগ্রাম করতে হবে। ফ্যাসিবাদ সরকার কখনো নিরস্ত্র জনগণের সঙ্গে সংগ্রাম করে টিকতে পারবে না। আগেও পারেনি। শেখ হাসিনার পতন অনিবার্য।’
সংগঠনের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপি নেতা মীর নেওয়াজ নেওয়াজ, পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, শহিদুল ইসলাম বাবুল, আমিরুল ইসলাম খান আলিম, আনিসুর রহমান তালুকদার খোকন, আমিরুজ্জামান খান শিমুল, ওমর ফারুক সাফিন, কামাল আনোয়ার আহম্মেদ প্রমুখ।
ইউডি/এ

