হিজাব নিয়ে তসলিমা নাসরিন, ‘এক রাত্তিরে ব্রেনওয়াশ হয়ে গেছে সবার’
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৮:৩০
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নারীরা হিজাব পরেন। আবার ফ্যাশন করতেও অনেক নারীদের হিজাব পরতে দেখা যায়। দেশের সাবেক অনেক তারকা অভিনেত্রীও হিজাব পরেন; যা নিয়ে বিরাগভাজন হয়েছেন তসলিমা নাসরিন।
মঙ্গলবার (০৩ জানুয়ারি) হিজাব পরা নিয়ে আক্ষেপ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্ট করেছেন আলোচিত লেখিকা তসলিমা নাসরিন।

তসলিমা লিখেছেন, ‘বাংলাদেশের ক খ গ ঘদের মধ্যে হিজাব বোরখা পরার ধুম লেগেছে। কিন্তু একসময় যাদের খুব অত্যাধুনিক ভাবতাম, তাদের যদি দেখি হিজাব পরা, চমকে উঠি।
‘যেদিন নায়িকা শাবানা, ববিতা, সুচন্দা হিজাব ধরলেন, চমকে উঠেছিলাম। যেদিন স্টাইলিশ শাহনাজ রহমতুল্লাহ হিজাব পরলেন এবং গান ছেড়ে দিলেন, খুব কষ্ট পেয়েছিলাম। সেদিন ফেসবুকে দেখি, সাদা হিজাব পরা একসময়ের আল্ট্রামডার্ন শম্পা রেজাকে। বিশ্বাস হচ্ছিল না এ সেই শম্পা রেজা, যাকে কিশোর-বয়সে মুগ্ধ চোখে দেখতাম।’
তিনি আরও লেখেন, ‘দেশটার কী হয়েছে কে জানে। মনে হচ্ছে এক রাত্তিরে ব্রেনওয়াশ হয়ে গেছে সবার।’
ইউডি/এ

