‘মোবাইল ট্র্যাক করে’ রুশ সেনাদের ওপর হামলা চালিয়েছিল ইউক্রেন
উত্তরদক্ষিণ । বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৪:৩০
যুদ্ধ শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চল দখল করে নেয় রাশিয়ার সেনাবাহিনী। গত ১ জানুয়ারি সেখানকার মাকিভকা এলাকায় রুশ সেনাদের একটি ব্যারাকে ভয়াবহ হামলা চালায় ইউক্রেনীয় সেনারা। হামলায় ব্যাপক প্রাণহানি ঘটে, যা ক্ষুব্ধ করেছে রাশিয়াকে।
তবে রাশিয়ার সেনাদের ভুলের কারণেই এমন ভয়াবহ হামলা করার সুযোগ পেয়েছে ইউক্রেনীয় সেনারা, যা উঠে এসেছে রাশিয়ার করা তদন্তেই। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ (বুধবার) তথ্য অনুযায়ী, ওই হামলায় ৮৯ সেনা প্রাণ হারিয়েছেন। তবে ইউক্রেনের দাবি, ওই দিন একসঙ্গে ৪০০ সেনা নিহত হন।
কীভাবে ইউক্রেন এত শক্তিশালী হামলা চালাল, সেটির কারণ খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠন করে রাশিয়ার সেনাবাহিনী। তদন্ত কমিটি জানিয়েছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও ব্যারাকে থাকা সেনারা লুকিয়ে মোবাইল ফোন ব্যবহার করায় হামলা চালাতে সমর্থ হয়েছে ইউক্রেন। কারণ, মোবাইল ফোন ট্র্যাক করে তাদের অবস্থান জেনে ফেলে ইউক্রেনীয় সেনারা।
এ ব্যাপারে এক বিবৃতিতে তদন্ত কমিটি বলেছে, ‘কমিটি বিস্তারিত উদ্ঘাটনের চেষ্টা করছে। কিন্তু এটি নিশ্চিত যে হামলার প্রধান কারণ ছিল মোবাইল ফোন। নিষিদ্ধ থাকা সত্ত্বেও অসংখ্য সেনা মোবাইল ফোন ব্যবহার করছিলেন। যারা শত্রুদের হামলার সক্ষমতার আয়ত্তে ছিলেন।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এ বিষয়টি সেনাদের অবস্থান জানতে ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সহায়তা করেছে।’
বিবৃতিতে আরও বলা হয়, যেসব কর্মকর্তার বিরুদ্ধে অবহেলা প্রমাণিত হবে, তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে জন্য ব্যবস্থা নেওয়া হবে।
ইউডি/এ

