রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, অস্ত্রসহ বাঙালি যুবক আটক
উত্তরদক্ষিণ । বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:০০
কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি হয়েছে। ঘটনাস্থল থেকে এক বাঙালি যুবককে পিস্তল ও গুলিসহ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মঙ্গলবার (৩ জানুয়ারি) মধ্যরাতে পালংখালী ইউনিয়নের ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে আটক করা হয়।
তার নাম আব্দুস শুক্কুর। বাড়ি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায়।
৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফারুক আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবার মধ্যরাতে উখিয়ার ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৩৫ ও বি-৩৭ ব্লকে কিছু অস্ত্রধারী গোলাগুলি করছে- এমন খবর পেয়ে এপিবিএন অভিযান চালায়। এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে একজনকে আটক করা হয়। অন্যরা পালিয়ে গেছে। আটক ব্যক্তিকে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ৩টি গুলি পাওয়া যায়।
তিনি বলেন, তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।
ইউডি/এ

