নেতাদের মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক ও যুবদলের বিক্ষোভ

নেতাদের মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক ও যুবদলের বিক্ষোভ

উত্তরদক্ষিণ । বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:৪৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে কার্যালয়ের সামনে এসে মিছিলটি শেষ হয়।

এ সময় নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জ্যেষ্ঠ নেতা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, সদস্য সচিব খন্দকার এনামুল হক এনাম, স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত কমিটির সভাপতি জহির উদ্দিন তুহিনসহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রায় দুই শতাধিক নেতা-কর্মী বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।

এর আগে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির নেতারা বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন থানার নেতা-কর্মীরাও নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading