বিশ্বের তৃতীয় ধনী পোষ্য টেইলর সুইফটের বিড়াল
উত্তরদক্ষিণ । শুক্রবার , ০৬ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৯:০০
কোনো অ্যালবাম বা মিউজিক ভিডিওর কারণে নয়, আমেরিকার পপ তারকা টেইলর সুইফট এবার খবরের শিরোনাম হয়েছে তার বিড়ালের কারণে।
নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, সুইফটের পোষা বিড়াল অলিভিয়া বেনসনের নাম উঠছে বিশ্বের তৃতীয় ধনী পোষা প্রাণীর তালিকায়।
ওই তালিকা তৈরি করেছে ‘অল অ্যাবাউট ক্যাটস’। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, অলিভিয়া বেনসনের বাজার মূল্য এখন ৯ কোটি ৭০ লাখ ডলার। টেইলর সুইফটের সঙ্গে বেশ কিছু মিউজিক ভিডিও এবং ২০১৪ সালে নির্মিত ডায়েট কোকের বিজ্ঞাপনেও বিড়ালটিকে দেখা গেছে।
অল অ্যাবাউট ক্যাটস তাদের প্রতিবেদনটি তৈরি করেছে ইনস্টাগ্রাম বিশ্লেষণ করে। ইনস্টাগ্রামে পোষা প্রাণীদের ছবি দিয়ে শেয়ার করা পোস্টগুলোর লাইক এবং পোস্টগুলো থেকে পাওয়া টাকার পরিমাণ পর্যবেক্ষণ করা হয়েছে।
২০২০ সালে বেনসনের সোফার বসে থাকার একটি ছবি পোস্ট করেছিলেন সুইফট, ওই ছবিতে লাইক পড়ে দুই মিলিয়নের বেশি।
এ তালিকায় সবচেয়ে ধনী পোষা প্রাণীর খেতাব পেয়েছে ‘গুন্থার সিক্স’ নামের একটি জার্মান শেফার্ড। যার মালিক গুন্থার কর্পোরেশন। কুকুরটির দাম ৫০ কোটি ডলার। আর দ্বিতিয় ধনী পোষ্যও একটি বিড়াল, যার দাম ১০ কোটি ডলার, নাম নালা ক্যাট।
স্কটিশ বিড়াল বেনসনকে সুইফট পোষ্য নিয়েছিলেন ২০১৪ সালে। আমেরিকার ক্রাইম ড্রামা ‘ল অ্যান্ড অর্ডার: স্পেশাল ভিকটিম ইউনিট এর একটি চরিত্রের নামে বিড়ালটির নাম রাখেন তিনি।

বেনসন ছাড়াও মেরেডিথ গ্রে এবং বেঞ্জামিন বাটন নামে আরও দুটি বিড়াল আছে সুইফটের। তবে ইনস্ট্রাগ্রামে বিড়ালগুলোর নিজস্ব কোন অ্যাকাউন্ট নেই। এই তারকার অ্যাকাউন্টেই তাদের ছবি দেখা যায় মাঝেমধ্যে।
এক সাক্ষাৎকারে সুইফটের কাছে জানতে চাওয়া হয়েছিল, বেনসন নারী কি না, সুইফটের জবাব ছিল, “ও বিড়াল’।
ইউডি/কেএস

