আমেরিকার প্রতিনিধি পরিষদের স্পিকার হলেন কেভিন ম্যাকার্থি
উত্তরদক্ষিণ । শনিবার , ০৭ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:৩৩
১৫ দফা ভোটাভুটির পর আমেরিকার প্রতিনিধি পরিষদের স্পিকার পদে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী কেভিন ম্যাকার্থি। শনিবার (০৭ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার (০৬ জানুয়ারি) রাতে আমেরিকান ক্যাপিটাল হাউসে এ ভোট হয়।
প্রতিনিধি পরিষদের স্পিকার হতে একজন প্রার্থীর ২১৮ ভোট দরকার। কিন্তু কেভিন ম্যাকার্থিসহ কোনো প্রার্থী এই পরিমাণ ভোট পাচ্ছিলেন না। অবশেষে ১৫তম বারের ভোটাভুটিতে ২১৯ ভোট পেয়ে কেভিন ম্যাকার্থি প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হন।
প্রতিবেদনে বলা হয়, আমেরিকান কংগ্রেসের নিম্নকক্ষে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তারপরও গত চার দিনে ১৪ দফা ভোটাভুটিতে ম্যাকার্থি জয়লাভ করতে পারেননি। এতে করে সরকারে এক ধরনের অচলাবস্থা সৃষ্টি হয়েছে। গত ১৫০ বছরে দেশটিতে এমন পরিস্থিতি আর কখনও দেখা দেয়নি।
গত নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রিপাবলিকানরা। কিন্তু দলের মধ্যে স্পিকার নির্বাচন নিয়ে ঐকমত্য না থাকায় চেম্বারে কোনও বিল পাস করা সম্ভব হচ্ছে না।
আমেরিকার ইতিহাসে এমন অচলাবস্থা দেখা দিয়েছিল দাসপ্রথা ইস্যুতে গৃহযুদ্ধ শুরুর আগে। ১৮৬০ সালে পার্লামেন্টের নিম্নকক্ষে স্পিকার নির্বাচনে ৪৪ দফা ভোটাভুটি হয়েছিল।
ইউডি/এ

