বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশ বাংলাদেশ

বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশ বাংলাদেশ

উত্তরদক্ষিণ । শনিবার , ০৭ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:১৫

কানাডিয়ান অনলাইন প্রকাশনা ‘ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট’-এর ‘দ্য টপ হেভি গ্লোবাল ইকোনমি’ শীর্ষক এক প্রতিবেদন অনুসারে, বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশ।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরিসংখ্যানের ভিত্তিতে এই তালিকায় দক্ষিণ এশিয়ার মাত্র দুটি দেশ বাংলাদেশ ও ইন্ডিয়া ৫০টি বৃহত্তম অর্থনীতির অংশ হিসেবে বিবেচিত হয়েছে।

আইএমএফ-এর পরিসংখ্যান উদ্ধৃত করে, ‘ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট’ ২৯ ডিসেম্বর এই তথ্য জানিয়েছে। দেশগুলোকে মোট দেশীয় উৎপাদনের (জিডিপি) ভিত্তিতে তালিকাভুক্ত করা হয়েছে।

প্রতিবেদন অনুসারে ৪৬০ দশমিক ৮ বিলিয়ন আমেরিকান ডলার জিডিপি নিয়ে ২০২২ সালে বাংলাদেশ বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। এর আগে বাংলাদেশের অবস্থান ছিল ৪১তম।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী দেশ ইন্ডিয়া বিশ্ব অর্থনীতিতে পঞ্চম স্থানে চলে গেছে। এর আগে এটি ছিল ষষ্ঠ অবস্থানে।

২০২২ সালে ইন্ডিয়া তিন দশমিক ৪৬ ট্রিলিয়ন ডলার জিডিপি নিয়ে ব্রিটেনকে (ইউকে) ছাড়িয়ে পঞ্চম স্থান দখল করে।

তালিকায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে আমেরিকা, চীন, জাপান ও জার্মানি। বিশ্বের ১০টি বৃহত্তম অর্থনীতির বাকি পাঁচটি দেশ যথাক্রমে ব্রিটেন, ফ্রান্স, কানাডা, রাশিয়া ও ইতালি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে বিশ্বে দুটি বড় ঘটনা ঘটেছে। প্রথমটি হলো- বিশ্বের জনসংখ্যা আট বিলিয়ন ছাড়িয়েছে। দ্বিতীয়টি হলো- বিশ্ব অর্থনীতির আকার ১০০ ট্রিলিয়ন আমেরিকান ডলার ছাড়িয়ে ১০১ দশমিক ৫৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading