আমেরিকার নির্বাচন অনেক প্রশ্নবিদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী
‘যাদের দেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ তাদের আমাদের নির্বাচন নিয়ে মাতব্বরী করার সুযোগ নেই। তাদের দেশে ২০-৩০ ভাগ লোক ভোট দেন। আমাদের নির্বাচনে অনেক বেশি লোক অংশ নেন।’
উত্তরদক্ষিণ । রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:১৫
‘বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। এ নিয়ে কোনো লুকোচুরি নেই। দেশি-বিদেশি যে কেউ তা পর্যবেক্ষণ করতে পারবেন’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রোববার (০৮ জানুয়ারি) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
‘আমেরিকার নির্বাচন অনেক প্রশ্নবিদ্ধ’ উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, ‘বাংলাদেশ সবসময় গণতন্ত্রে বিশ্বাসী। প্রধানমন্ত্রী আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাই যাদের দেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ তাদের আমাদের নির্বাচন নিয়ে মাতব্বরী করার সুযোগ নেই। তাদের দেশে ২০-৩০ ভাগ লোক ভোট দেন। আমাদের নির্বাচনে অনেক বেশি লোক অংশ নেন।’
পরে মন্ত্রী বিমানবন্দরে ই-গেটের উদ্বোধন করেন। এই গেট ব্যবহার করে ই-পাসপোর্টধারীরা কারো সাহায্য ছাড়াই ১১ সেকেন্ডে নিজের ইমিগ্রেশন সেরে নিতে পারবেন।
ইউডি/এ

