জয় পেয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা
উত্তরদক্ষিণ । সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ১১:৩০
আগের দিন ভিয়ারিয়ালের কাছে হেরে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে ওঠা হয়নি বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। তবে একই ভুল করেনি বার্সেলোনা। অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল থেকে তিন পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে বার্সা।
রোববার (০৮ জানুয়ারি) রাতে মেত্রোপলিতানো স্টেডিয়ামে স্বাগতিক অ্যাথলেটিকোকে ১-০ গোলে হারায় জাভি হার্নান্দেজের দল। দলের হয়ে একমাত্র গোলটি করেন উসমান দেম্বেলে।

নিষেধাজ্ঞার কারণে ম্যাচটতে ছিলেন না বার্সেলোনার সেরা তারকা রবার্ট লেভানদোভস্কি। তবে ম্যাচের শুরুর দিকে দাপুটে ফুটবল খেলেছেন দেম্বেলে, পেদ্রি, আনসু ফাতিরা। যে কারণে ২২ মিনিটে গোল পেয়ে যায় বার্সেলোনা। অ্যাথলেটিকোকে রক্ষণের কয়েকজনকে কাটিয়ে বল নিয়ে ডি বক্সে ঢুকে যান পেদ্রি। এরপর বল বাড়ান গাভির দিকে। তিনি অরক্ষিত থাকা দেম্বেলেকে বাড়িয়ে দিলে দূরের পোস্ট দিয়ে বল চলে যায় জালে।

প্রথমার্ধে আর কোনো গোল না হলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা। দ্বিতীয়ার্ধে দুটি ভালো সুযোগ পেয়েছিলেন দেম্বেলে। এরপর যোগ করা সময়ে মারামারি করে লাল কার্ড দেখেন বার্সেলোনার তরেস এবং আতলেতিকোর স্তেফান সেভিচ। দুই দলই দশজনে পরিণত হওয়ায় কেউ অবশ্য বাড়তি সুবিধা নিতে পারেননি।
লিগে এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ২৭ পয়েন্ট নিয়ে অ্যাথলেটিকোর অবস্থান পাঁচে।
ইউডি/এ

