হলদিয়ায় ভিড়েছে রূপপুরের মালবাহী সেই রুশ জাহাজ

হলদিয়ায় ভিড়েছে রূপপুরের মালবাহী সেই রুশ জাহাজ

উত্তরদক্ষিণ । সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:৩০

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের (এনপিপি) জন্য রাশিয়া থেকে আসা মালবাহী একটি জাহাজকে পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে খালাসের অনুমতি দিয়েছে ইন্ডিয়ার কেন্দ্রীয় সরকার। ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়ার ওই জাহাজের বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞা থাকায় সেটি বাংলাদেশে ভিড়তে ঢাকায় নিযুক্ত আমেরিকান দূতাবাসের আপত্তির পর হলদিয়ায় নোঙর করেছে।

সোমবার (০৯ জানুয়ারি) ইন্ডিয়ার প্রভাবশালী দৈনিক ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির কর্মকর্তারা বলেছেন, হলদিয়ায় নোঙর করা রাশিয়ার ওই জাহাজ থেকে পণ্য খালাসের পর সেগুলো সড়কপথে বাংলাদেশের নির্ধারিত গন্তব্যে পাঠানো হতে পারে।

ইন্ডিয়া-রাশিয়া অংশীদারিত্ব চুক্তির আওতায় তৃতীয় দেশে প্রকল্প নির্মাণকাজে সহায়তার অংশ হিসেবে বাংলাদেশকে ইন্ডিয়া সহায়তা করছে বলে জানিয়েছেন তারা।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের বন্দরে মালামাল খালাসের অনুমতি না পাওয়ায় রাশিয়ার ওই জাহাজ গত ডিসেম্বরের শেষ দিক থেকে বঙ্গোপসাগরে অবস্থান করছিল।

আমেরিকার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়ার পতাকাবাহী জাহাজ ইন্ডিয়ার সব বন্দরে নোঙরের জন্য উন্মুক্ত। শুধু তা-ই নয়, গত বছরের পুরো সময়জুড়ে রাশিয়ার কাছ থেকে বিভিন্ন ধরনের পণ্য-সামগ্রী ও অন্যান্য চালান গ্রহণ করেছে ইন্ডিয়া। একই সময়ে রাশিয়ার সঙ্গে ইন্ডিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়েছে ৩০০ শতাংশের বেশি।

রাশিয়ার পতাকাবাহী জাহাজটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য নির্ধারিত পণ্য নিয়ে গত বছরের ডিসেম্বরের শেষের দিকে বাংলাদেশের মোংলা বন্দরে পৌঁছেছিল।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব কালাচাঁদ সিংহ বলেছেন, আমরা জানতে পেরেছি, জাহাজটি থেকে মালামাল ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে খালাস করা হবে। পরে সেখান থেকে অন্য বাহনে করে সেসব মালামাল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হবে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading