সংবিধান ধর্মগ্রন্থ নয় যে পরিবর্তন করা যাবে না: গয়েশ্বর

সংবিধান ধর্মগ্রন্থ নয় যে পরিবর্তন করা যাবে না: গয়েশ্বর

উত্তরদক্ষিণ । সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৮:১৫

বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি অভিযোগ করে বলেন, ‘এ সরকার আবারও নিজেদের মতো করে নির্বাচন করার লক্ষ্যে ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দুদক ও আদালতকে ব্যবহার করা শুরু করেছে। কিন্তু এগুলো করে সরকারের শেষ রক্ষা হবে না। ’

সোমবার (০৯ জানুয়ারি) দুপুরে রাজশাহী মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে ১০ দফা দাবি এবং রাষ্ট্র কাঠামো মেরামত রূপরেখা: ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, ‘সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয় যে এটা পরিবর্তন করা যাবে না। তৎকালীন সময়ে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন শুরু করলে বিএনপি গণতন্ত্রের স্বার্থে সংসদের মাধ্যমে আইন পাস করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করে। অথচ এ বিনা ভোটের সরকার ক্ষমতায় এসে তাদের স্বার্থে সংবিধান বার বার পরিবর্তন করলেও তত্ত্বাবধায়ক নিয়ে কোনো তারা কাজ করছে না।’

গয়েশ্বর বলেন, এ সরকার ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রতিটি পণ্যের দাম জনসাধারণের নাগালের বাইরে নিয়ে গেছে। এখন মানুষ অত্যন্ত অসহায়ভাবে জীবন-যাপন করছে। অথচ সরকার মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে।

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা মিজানুর রহান মিনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুর হক মিলন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল প্রমুখ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading