গুপ্তচরবৃত্তির দায়ে সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৪:৪৫
ব্রিটেনের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানের সাবেক এক উপপ্রতিরক্ষামন্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। তার নাম আলিরেজা আকবরি। ইরানের পাশাপাশি তার ব্রিটেনের নাগরিকত্ব রয়েছে। বুধবার (১১ জানুয়ারি) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আলিরেজা আকবরি ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি আলি শামখানির ঘনিষ্ঠ মিত্র ছিলেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ সহযোগী শামখানি ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত দেশটির প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। তখন আকবরি তার ডেপুটি ছিলেন। ১৯৮০-এর দশকে ইরান-ইরাক যুদ্ধের সময় শামখানির ঘনিষ্ঠ আকবরিকে ২০১৯ সালে গ্রেপ্তার করা হয়।
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় বলেছে, ইরানের কিছু অতি সংবেদনশীল কেন্দ্রে আকবরির প্রবেশাধিকার ছিল। তিনি ইরানে ব্রিটিশদের পক্ষে কাজ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ গুপ্তচর ছিলেন। আকবরি সব জেনেশুনেই শত্রুপক্ষকে তথ্য দিয়েছিলেন।
এদিকে, ইরানের আদালতের এই রায়কে ব্রিটেন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অবিলম্বে তাকে মুক্তি দিতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি তার মুক্তির আহ্বান জানিয়ে বলেছেন, ‘ইরানকে অবশ্যই ব্রিটিশ-ইরানি নাগরিক আকবরির ফাঁসি কার্যকর করা বন্ধ করতে হবে এবং অবিলম্বে মুক্তি দিতে হবে। এটি বর্বর শাসনব্যবস্থার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কাজ, যা মানবজীবনের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা করা।’
এ ছাড়া ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘আমাদের অগ্রাধিকার হলো অবিলম্বে তার মুক্তি নিশ্চিত করা। আমরা আমাদের পররাষ্ট্র দূতকে তার সঙ্গে দেখা করতে দেওয়ার আহ্বান ইরানের কাছে পুনর্ব্যক্ত করেছি।’
ইউডি/এ

