ম্যানসিটির বিদায়
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:৩০
সাম্প্রতিক সময়ে ইংলিশ লিগ কাপে একক আধিপত্য ম্যানচেস্টার সিটির। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ছয়বার এই প্রতিযোগিতার শিরোপা জিতেছে সিটিজেনরা। তবে এবার দেখা গেল ভিন্ন চিত্র। সাউদাম্পটনের কাছে ২-০ গোলে হেরে দ্বিতীয়বারের মতো কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল পেপ গার্দিওলার দল।
ম্যাচ শেষে সিটিজেনদের স্প্যানিশ কোচের দাবি, দল প্রস্তুত না থাকায় এই হার ম্যানসিটির প্রাপ্য। সেন্ট মেরিস স্টেডিয়ামে পুরো ম্যাচে বল দখলে এগিয়ে ম্যানসিটি। পুরো সময়ের ৭২ শতাংশ বল নিজেদের দখলে রাখলেও প্রথমার্ধেই দুই গোল হজম করে বসে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।
ম্যাচের ২৩ মিনিটে সেকাও মারার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সাউদাম্পটন। এর পাঁচ মিনিট পরে দ্বিতীয় গোলটি করেন মালির ফুটবলার জেনিপো।
দ্বিতীয়ার্ধে হলান্ড, ডি ব্রুইনাদের নামিয়েও গোল পরিশোধ করতে পারেনি ম্যানসিটি। এর আগে ১৯৭৯ ও ২০১৭ সালে দুইবার ফাইনাল খেললেও লিগ কাপের শিরোপা জেতা হয়নি সাউদাম্পটনের।
লিগ কাপ থেকে বিদায় নেওয়া সিটিজেনদের সামনে অপেক্ষা করছে আরও বড় পরীক্ষা। ইংলিশ প্রিমিয়ার লিগে সিটিজেনদের পরের ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে।
দল নিয়ে বাড়তি কিছু বলতে চাননি ম্যানসিটির কোচ। হারের জন্য নিজেদের প্রস্তুতির অভাবকে দায়ী করছেন গার্দিওলা, ‘ভালো দলটাই জিতেছে। আমরা ভালো খেলিনি। অনেক সময় শুরুটা ভালো না হলেও ম্যাচে ফেরা যায়। তবে এ ম্যাচটিতে তেমনটা আমরা করতে পারিনি।
‘যখন আপনি এই ম্যাচটা খেলার জন্য প্রস্তুত থাকবেন না, তখন আপনি গোলও করবেন না। প্রস্তুত থাকলে তো গোল করতে পারতেন। প্রতিপক্ষ মাঠে আমাদের চেয়ে ভালো ছিল, তাদের অভিনন্দন জানাতে হবে। জয়টা আমাদের প্রাপ্য ছিল না’, বলেন তিনি।
ইউডি/এ

