৩০ বছরে সবচেয়ে বাজে হার জুভেন্তাসের
উত্তরদক্ষিণ । শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩ । আপডেট ১০:৩০
খুবই বাজে ভাবে চলতি মৌসুম শুরু করেছিল জুভেন্তাস। একের পর এক হারে নাস্তানাবুদ হয়ে পড়ে তুরিনের ওল্ড লেডিরা। তবে টানা আট জয়ে ঘুরে দাঁড়ায় ইতালিয়ান ক্লাবটি। পুরস্কার স্বরূপ পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে ওঠে আসে রেকর্ড শিরোপা জয়ীরা।
কিন্তু শুক্রবার দিবাগত রাতে নাপোলির কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয় জুভরা। গত ৩০ বছরের মধ্যে এমন বাজে হার দেখেনি জুভেন্তাস। ১৯৯৩ সালের পর লিগের কোনো ম্যাচে পাঁচ গোল হজম করল তুরিনের ‘ওল্ড লেডিরা’।
অন্যদিকে সবশেষ ৩৩ বছর আগে ইতালিয়ান লিগ সিরি আ’র শিরোপা জিতেছিল নাপোলি। ১৯৯০ সালে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার নৈপুন্য শেষবার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
এবার দীর্ঘ প্রতিক্ষার অবসান হওয়ার সুযোগ রয়েছে। লিগ টেবিলের দ্বিতীয়স্থানে থাকা এসি মিলানের চেয়ে দশ পয়েন্টে এগিয়ে গেল নাপোলি।
১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। আর দ্বিতীয় স্থানে আছে ১ ম্যাচ কম খেলা এসি মিলান। তাদের পয়েন্ট ৩৭। নাপোলির কাছে হারের ফলে ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে নেমে গেছে জুভেন্তাস।
৩০ বছর পর এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়ে জুভেন্তাসের কোচ ম্যাসিসমিলিয়ানো অ্যালেগ্রি বলেন, ‘এমন কিছু হার থাকে, যা আপনার প্রাপ্য নয়। আবার এমন কিছু হার থাকে, যা আপনার প্রাপ্য। এই হারটা আমাদের প্রাপ্য ছিল।’
ইউডি/এ

