‘ডিজিটাল মাধ্যমে আড়িপাতা সাংবিধানিক অধিকারের লঙ্ঘন’
উত্তরদক্ষিণ । শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৮:০০
‘আইনসম্মতভাবে আড়িপাতার ব্যবস্থা চালু’র ঘোষণাকে নাগরিকের সাংবিধানিক অধিকারের লঙ্ঘন এবং সাইবার অপরাধের সামিল বলে জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।
শনিবার (১৪ জানুয়ারি) সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘কোনও গণতান্ত্রিক ও সভ্য দেশে ব্যক্তির গোপনীয়তা লঙ্ঘনকে আইনি রূপ দেওয়া অনুমোদন করতে পারে না।’
বিবৃতিতে তিনি ব্যক্তির বাক-স্বাধীনতা হরণের অপচেষ্টা আড়িপাতা থেকে বিরত থাকতে সরকারের প্রতি দাবি জানান।
একই সঙ্গে সরকারের এমন ‘গণবিরোধী তৎপরতার’ বিরুদ্ধে সকল বাম-প্রগতিশীল দল-ব্যক্তিকে সোচ্চার হয়ে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণাপত্র, ১৯৪৭ এর ১২ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, একজন ব্যক্তি কখনোই অন্য এক ব্যক্তির গোপনীয়তা, পারিবারিক বিষয়, বাসস্থান বা যোগাযোগে হস্তক্ষেপ করতে পারবে না। এমনকি আত্মসম্মান নষ্ট হয় এমন কোনো পদক্ষেপও নিতে পারবে না। এরকম হস্তক্ষেপ বা আক্রমণের বিরুদ্ধে আইন সুরক্ষিত করতে প্রত্যেকের অধিকার রয়েছে।
জাতিসংঘের নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক ঘোষণার ১৭ নম্বর ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তির নিজস্ব গোপনীয়, পরিবার, বাড়ি ও অনুরূপ বিষয়কে অযৌক্তিক বা বেআইনি হস্তক্ষেপের লক্ষ্যবস্তু বানানো যাবে না, তেমনি তার সুনাম ও সম্মানের ওপর বেআইনি আঘাত করা যাবে না।
ইউডি/এ

