‘‘ধানের শীষ দিয়েছে ‘বাংলা ভাই’, আওয়ামী লীগ দিয়েছে শান্তি’’
উত্তরদক্ষিণ । শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৮:৪৫
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, ‘২৮ বছর ক্ষমতায় থেকে ধানের শীষ দেশের জনগণকে কী দিয়েছে? দেশকে ধানের শীষ কিছু দিয়ে থাকলে আগামীতে নৌকায় ভোট চাই না।’
শনিবার (১৪ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে শেখ হাসিনার মহাসমাবেশ ও ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনের উপ-নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার দুপুরে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসএম কামাল হোসেন বলেছে, ‘সার-বিদ্যুতের দাবিতে তারা ২১ জন কৃষককে হত্যা করেছে। রাজশাহীর বাঘমারায় ‘‘বাংলা ভাই’’ তৈরি করেছে। ধানের শীষ দেশে খুনের রাজস্ব কায়েম করেছে। দেশকে সংকটে ফেলেছে, গুম, হত্যা, লুটপাট করেছে। অপরদিকে, নৌকা প্রতীক দেশে শান্তি ও উন্নয়ন ফিরিয়েছে।’
তিনি বলেন, ‘নির্বাচনের আগে বিএনপির লোকজন বলেছিল, নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করলে দেশের মসজিদে আজান দেওয়া বন্ধ হয়ে যাবে, দেশ ইন্ডিয়া হয়ে যাবে। কিন্তু তার উল্টোটা হয়েছে। জিয়াউর রহমান পানি চুক্তির নামে ইন্ডিয়া গিয়ে গান্ধীর পা টিপেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯৬ সালের নির্বাচনের ৬ মাসের মধ্যে পানিচুক্তি করেছে। আশ্রয়ণ প্রকল্পের ঘর দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সারাবিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।’
প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী ইসলাম জেসী, জেলা আ.লীগের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান, চিত্রনায়িকা মাহিয়া মাহি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের সঞ্চালনায় প্রতিনিধি সম্মেলনের সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান।
সম্মেলনে আগামী ০১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনে নৌকার প্রার্থী সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে নৌকার প্রার্থী সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা। প্রতিনিধি সম্মেলনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইউডি/এ

