নেতানিয়াহুর বিরুদ্ধে ৮০ হাজার ইসরায়েলির বিক্ষোভ
উত্তরদক্ষিণ । রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১২:১৫
বিচার বিভাগের সংস্কারের প্রতিবাদ জানিয়ে নতুন ডানপন্থি জোট সরকারের বিরুদ্ধে রাজধানী তেল আবিরে বিক্ষোভ করেছে ৮০ হাজার ইসরায়েলি। খবর বিবিসির।
ইসরায়েলের বিচার ব্যবস্থাকে সংশোধন এবং সুপ্রিম কোর্টকে দুর্বল করার একটি পরিকল্পনা সম্প্রতি উন্মোচন করেছেন নতুন ইসরায়েলি বিচারমন্ত্রী। আর সেটি হলে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তগুলোকে অগ্রাহ্য করার অনুমতি পাবে দেশটির পার্লামেন্ট।
শনিবার (১৪ জানুয়ারি) প্রতিবাদ-সমাবেশে অংশ নেওয়া বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রস্তাবিত পরিবর্তনকে গণতান্ত্রিক শাসনের ওপর আক্রমণ বলে বর্ণনা করেছেন।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, জেরুজালেমে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে এবং উত্তরাঞ্চলীয় শহর হাইফাতেও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া তেল আবিবের প্রধান সড়ক আয়লোন হাইওয়ে অবরোধ করার চেষ্টা করার সময় একদল বিক্ষোভকারী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রধানমন্ত্রীর সমালোচকরা বলছেন, বিচার বিভাগের সংস্কার বাস্তবায়ন হলে ইসরায়েলের বিচারিক স্বাধীনতাকে পঙ্গু করবে, দুর্নীতিকে আরও উৎসাহিত করবে, সংখ্যালঘুদের অধিকার নষ্ট করবে এবং ইসরায়েলের আদালত ব্যবস্থাকে বিশ্বাসযোগ্যতা থেকে বঞ্চিত করবে।
গত ডিসেম্বরে নেতানিয়াহুর নতুন জোট সরকার শপথ নেওয়ার পর ইসরায়েলে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ। ইহুদি এই দেশটির বিরোধী দলগুলো ‘গণতন্ত্র বাঁচাতে’ এবং পরিকল্পিত বিচারিক সংস্কারের প্রতিবাদে ইসরায়েলিদের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।

গত ডিসেম্বরের শেষের দিকে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে নতুন সরকার গঠনের বিষয়টি আস্থা ভোটে পাস হওয়ার পর প্রধানমন্ত্রী পদে শপথ নেন নেতানিয়াহু। আস্থা ভোটে পার্লামেন্টের ১২০ সদস্যের মধ্যে ৬৩ জন নতুন সরকারের পক্ষে ভোট দিয়েছিলেন। আর বিপক্ষে ভোট দেন ৫৪ জন।
ইউডি/এ

