আন্তর্জাতিক বাজারে বাড়ছে চিনির দাম
উত্তরদক্ষিণ । রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১২:০০
নতুন বছরে আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী রয়েছে চিনির দাম। অপরিশোধিত ও পরিশোধিত উভয় চিনির দামই রাতারাতি বেড়েছে দুই থেকে দুই দশমিক পাঁচ শতাংশ।
সিএনবিসির প্রতিবেদনে বলা হয়, গত বছর চার ধাপে বেড়েছিল অপরিশোধিত চিনির দাম। বছর শেষে দাম বৃদ্ধির হার ছিল সাত শতাংশ। একই সঙ্গে গত বছর পরিশোধিত চিনির দাম ১৩ শতাংশ বেড়ে টনপ্রতি বিক্রি হয়েছে ৫৫০ আমেরিকান ডলারে। বাজার লাভে থাকলেও ২০২২ সালের শেষ দুই মাসে চাহিদা কমায় চিনি বিক্রির হার ছিল নিম্নমুখী। তবে এখন আবার চিনির চাহিদা বাড়ছে।
কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, ইন্ডিয়ার মকর সংক্রান্তি এবং বিয়ের মৌসুম চলায় ব্যাপক হারে বেড়েছে চিনির চাহিদা। এদিকে ব্রাজিলের রাজনৈতিক অস্থিরতার পর আবারও ঘুরে দাঁড়াচ্ছে চিনির বাজার। চলতি বছরে ৬০ লাখ টন চিনি রপ্তানি করবে ইন্ডিয়া। তবে এই মুহূর্তে ১৭ লাখ টন চিনি রপ্তানি করবে দেশটি। বাকি চিনি মার্চ থেকে পরবর্তী সময়ে রপ্তানি করবে ইন্ডিয়া।
বিশ্বব্যাপী ইন্ডিয়া, ব্রাজিল এবং থাইল্যান্ড উন্নত মানের চিনি রপ্তানি করে থাকে। চলতি বছরেও এ খাত থেকে ভালো ব্যবসা পাবে বলে আশা করছে চিনি রপ্তানিকারক দেশগুলো।
ইউডি/এ

